কানাডায় ৩ ফেডারেল আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৩:৪৫:২২ |

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও ও কুইবেকের তিনটি ফেডারেল আসনে আগামী ৩১ আগস্ট উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

রবিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যাঙ্কুভার-ক্যাপিলানো, অন্টারিওর বিচেস-ইস্ট ইয়র্ক এবং কুইবেকের শিকুতিমি-লে ফিয়র আসনে ভোট গ্রহণ হবে। সাবেক লিবারেল এমপি জনাথন উইলকিনসন ও নাথানিয়েল আরস্কিন-স্মিথ এবং সাবেক কনজারভেটিভ এমপি রিচার্ড মার্টেলের পদত্যাগের কারণে আসনগুলো শূন্য হয়েছে।

বর্তমানে স্পিকার ছাড়া হাউস অব কমন্সে লিবারেল পার্টির আসনসংখ্যা ১৭১। তবে সাবেক মন্ত্রী স্টিভেন গিলবোর ২৮ আগস্ট পদত্যাগের পর তা কমে ১৭০-এ নেমে আসবে। ফলে সরকারকে কার্যকর সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে অন্তত একটি আসনে জয় প্রয়োজন হবে।

এদিকে বিরোধী দলগুলোর আসনসংখ্যাও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কনজারভেটিভ এমপি ক্যাথি ওয়াগানটল ৩১ আগস্ট পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এমপি আলেক্সান্দ্র বুলরিস কুইবেকের প্রাদেশিক নির্বাচনে অংশ নিতে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

তবে কুইবেকের সাঁ-ইয়াসিন্ত-ব্যাগো-আকতঁ আসনে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।

ইতোমধ্যে লিবারেল পার্টি তিনটি আসনের জন্য ব্রেডেন কেলি, তানভির শাহনাওয়াজ ও ড্যানিয়েল গোবেইলকে প্রার্থী করেছে। কনজারভেটিভ পার্টি ঘোষণা করেছে স্টিফেন কারান ও রেজি গদ্রোর প্রার্থিতা। অন্যদিকে, এনডিপি জানিয়েছে, তাদের মনোনয়ন প্রক্রিয়া চলমান এবং শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..