✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১১:০৭:৪৩ |জেইডেন সিলসের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৯০ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ আব্বাসের ফাইফারে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত পাকিস্তানকে মাত্র ১২০ রানে অলআউট করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
তারুবা টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২১১ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে শুরু থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২০ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বড় প্রতিরোধ গড়েন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটার ১০৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। তবে দশম উইকেটে বাবর আজম ও মোহাম্মদ আব্বাসের ৪৯ রানের জুটিই ছিল পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি।
বাবর ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাস। রিজওয়ান করেন ১১ রান, আর আব্বাসের ব্যাট থেকে আসে ২৩ রান। বাকি আট ব্যাটারই দশ রানের আগেই সাজঘরে ফেরেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জেইডেন সিলস। তিনি ৫টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস দুটি করে এবং শামার জোসেফ একটি উইকেট নেন।
এর আগে চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ১২৬ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে স্কোরবোর্ডে আরও ৫৫ রান যোগ করে তারা অলআউট হয়। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্য দাঁড়ায়।
কিন্তু ১২০ রানেই পাকিস্তান গুটিয়ে যাওয়ায় ৯০ রানের বড় জয় পায় উইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।