✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২১:০৬:২৫ |দীর্ঘ তিন বছর পর আবারও ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরিকে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। এর মাধ্যমে ইতালিয়ান ফুটবলে গত কয়েক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো।
এর আগে ইতালির ফুটবল পুনর্গঠনের লক্ষ্যে কিংবদন্তি সাবেক ফুটবলার পাওলো মালদিনিকে ক্লাব ইতালিয়ার প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার সঙ্গে বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করার কথা ছিল সাবেক সতীর্থ লিওনার্দোর। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই সেই পরিকল্পনা ভেস্তে যায়।
মালদিনি ও লিওনার্দো এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলের একাডেমি পর্যায় থেকে পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেছিলেন। সে সময় কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনাও চলছিল। পরে গার্দিওলা ও কার্লো আনচেলত্তির পর তৃতীয় পছন্দ হিসেবে বিবেচিত আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনাও বাতিল হয়ে যায়। নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর একটি বাণিজ্যিক চুক্তির কারণে তার নিয়োগ আটকে যায়।
এরপরই আলোচনার কেন্দ্রে আসেন মানচিনি। ২০২১ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করানো এই কোচ তিন বছর আগে সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নিতে ইতালির কোচের পদ ছেড়েছিলেন। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব পালন করেন।
মানচিনির অধীনে ইতালি টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়েছিল। এখন সেই সাফল্যের ধারাবাহিকতা ফিরিয়ে আনাই হবে তার প্রধান লক্ষ্য।
অন্যদিকে, টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লদিও রানিয়েরি। সাবেক লেস্টার সিটি কোচ রানিয়েরি গত মৌসুমে রোমা ছাড়েন। ৭৪ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ ২০২৪ সালে কোচিং থেকে অবসরের ঘোষণা দিলেও পরে রোমার অনুরোধে আবারও দায়িত্বে ফিরেছিলেন।
এফআইজিসি সভাপতি মালাগো জানিয়েছেন, মানচিনি ও রানিয়েরিকে নিয়ে স্থানীয় সময় আগামীকাল সন্ধ্যা ৬টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।