সর্বশেষ :
দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড আপনারা আনন্দ দেখেননি, শুধু সমালোচনাই করেছেন : ইনফান্তিনো মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলির ঘটনায় একজন নিহত হেপাটাইটিস ‘সি’ সংক্রমণে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০ ভারতে ‘তেলাপোকা’র পর এবার ‘কাঁকড়া’ আন্দোলন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি কমলো স্বর্ণের দাম, ভরি কত? ওপেনএআইর ডেটা সেন্টারে ২৫০ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা এনভিডিয়ার

ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ১১:৪১:২৪ |

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এই প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা বৈঠক করতে চায় এবং আমরা বৈঠক করছি। দেখা যাক কী হয়। চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যা করেছি, তা না হলে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসত না।’

ট্রাম্পের ভাষ্য, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে চলছে এবং এর মাধ্যমে ভালো কোনো ফল আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে সমঝোতা না হলে কয়েক দিন আগে যে সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছিল, প্রয়োজন হলে আবারও সেই পথেই হাঁটা হবে বলে তিনি ইঙ্গিত দেন।

এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থানে থাকলে ইরান কখনো আলোচনার আগ্রহ দেখাত না। তার মতে, কঠোর সামরিক চাপের কারণেই তেহরান আলোচনায় বসতে রাজি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইরানকে স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেই বিষয়টি জানতে চাইবেন। তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা বিষয়টি জানতে পারব। আমি পুতিনকে জিজ্ঞেস করব। তখনই বিষয়টি পরিষ্কার হবে।’ 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান প্রশ্নে নিজের অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন, দুজনের মধ্যে ‘অনেক বিষয়ে মিল রয়েছে’, যদিও ‘কিছু বিষয়ে সামান্য মতপার্থক্য’ আছে।

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বৈঠকে ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি, লেবাননে ত্রিপক্ষীয় কাঠামো বাস্তবায়নের অগ্রগতি এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।

একই দিনে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও পৃথক বৈঠক করবেন ট্রাম্প। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘এখনই যুদ্ধের অবসান ঘটানোর সময়।’

সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক সামরিক অভিযান চালায়। এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত কয়েকটি সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। টানা প্রায় দুই সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর গত তিন দিন ধরে উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..