শেকড়কে সম্মান জানালেন কাভান সুলিভান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৮:৫৫:৪৫ |

বাংলাদেশি শেকড়ের প্রতি সম্মান জানিয়ে নতুন ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবল প্রতিভা কাভান আয়াজ সুলিভান। অ্যাডিডাসের কাস্টম থ্রিডি-প্রিন্টেড বুট পরে কোনো অফিসিয়াল ম্যাচে মাঠে নামা প্রথম খেলোয়াড় হয়েছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।

গত ২৩ জুলাই নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ গোলের জয়ের ম্যাচে বিশেষ এই বুট পরে খেলেন সুলিভান। তার পায়ের মাপ অনুযায়ী অ্যাডিডাসের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি করা হয় বুটটি।

বিশেষ এই বুটে আঁকা রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও বাংলাদেশের জাতীয় পতাকা। এর মাধ্যমে নিজের পারিবারিক শেকড় ও পরিচয়ের প্রতি সম্মান জানিয়েছেন এই তরুণ ফুটবলার। বুটের এক কোণায় বাংলাদেশের পতাকা যুক্ত করে তিনি বিশেষ বার্তা দিয়েছেন।

সুলিভানের বাংলাদেশের সঙ্গে যোগসূত্র এসেছে তার নানি সুলতানা আলমের মাধ্যমে। ঢাকায় বেড়ে ওঠা সুলতানা আলম উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং পরে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাতিসংঘেও কাজ করেছেন।

অন্যদিকে, তার নানা ক্লাউস ক্রিপেনডর্ফ ছিলেন জার্মান বংশোদ্ভূত এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সুলিভানের মাঝের নাম ‘আয়াজ’ও তার নানাবাড়ির পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।

২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কাভান সুলিভানের পরিবারেও রয়েছে ফুটবলের শক্তিশালী ঐতিহ্য। তার বাবা ব্রেন্ডন সুলিভান ছিলেন সাবেক মার্কিন ফুটবলার। মা হেইকেও খেলেছেন যুক্তরাষ্ট্রের ডিভিশন ফুটবলে। বড় ভাই কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন।

মাত্র ১৪ বছর বয়সে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেন কাভান। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার পরই ইংলিশ ক্লাবটির হয়ে খেলার সুযোগ পাবেন তিনি।

পারিবারিক সূত্রে কাভান সুলিভান যুক্তরাষ্ট্র, জার্মানি কিংবা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন। ২০২৪ সালের ১৭ জুলাই মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করে তিনি উত্তর আমেরিকার শীর্ষ পেশাদার ক্রীড়া লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন।

বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সম্ভাবনাময় ফুটবল প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার দুই ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান এরই মধ্যে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলেছেন। এবার কাভান সুলিভানকেও বাংলাদেশের হয়ে খেলতে দেখার আশা করছেন অনেক সমর্থক।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..