ইতালির কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন পিরলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১৮:৫২:৪৬ |

রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে বিতর্কের জেরে ইতালির জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন আন্দ্রেয়া পিরলো। বিশ্বকাপে মূল পর্বে টানা তৃতীয়বারের মতো যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর সাবেক কিংবদন্তি মিডফিল্ডারের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।

কিন্তু বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সাবেক  এই  মিডফিল্ডার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। শোনা যায়, ইতালীয় জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি জিওভান্নি মালাগো এই শীর্ষ পদের জন্য পিরলোর নাম নাকচ করে দিয়েছেন। বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর পিরলো পুরো ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ফেডারেশন এবং এর সঙ্গে জড়িত সবার প্রতি সম্মান জানিয়ে আমি এতদিন নীরব ছিলাম। কিন্তু গতকাল রাতে জানতে পারলাম, আমি আর ইতালীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে নেই, তাই কিছু বিষয় স্পষ্ট করা আমি আমার দায়িত্ব বলে মনে করছি।

সাবেক এই মিডফিল্ডার বলেন, সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা পেশাগত সহযোগিতার বিষয়টি সংযুক্ত আরব আমিরাতে আমার কাজের অভিজ্ঞতার ফল এবং এটি একান্তই বাণিজ্যিক ও ক্রীড়া-সংক্রান্ত। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ক্লাব ‘দুবাই ইউনাইটেড’-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্দ্রেয়া পিরলো বলেন, আমার প্রতি আস্থা ও সম্মান প্রদর্শনের জন্য আমি মালদিনি ও লিওনার্দোকে ধন্যবাদ জানাতে চাই। তাদের দক্ষতা, নিষ্ঠা এবং ইতালীয় ফুটবলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার কথা আমি জানি। আমি দুঃখিত একটি ক্রীড়া-সংক্রান্ত সিদ্ধান্তকে দ্রুত জনসমক্ষে বিতর্কের বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছে; এর ফলে আমার ওপর এমন সব উদ্দেশ্য ও অর্থ চাপিয়ে দেওয়া হয়েছে যা আমার সাথে আদৌ সম্পর্কিত নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..