সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:৫৮:১৩ |

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীবিরোধী আন্দোলন সহিংস রূপ নেওয়ায় চরম আতঙ্কে দেশ ছাড়ছেন হাজার হাজার প্রবাসী। দীর্ঘদিনের বেকারত্ব ও সামাজিক বৈষম্যের জন্য বিদেশি নাগরিকদের দায়ী করে শুরু হওয়া এই আন্দোলনের জেরে প্রবাসীদের বাড়িঘরে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন।

জোহানেসবার্গের থেম্বেলিহলে এলাকায় গত কয়েক সপ্তাহে প্রবাসীদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ জুলাই রাতে সশস্ত্র ব্যক্তিরা কয়েকটি বাড়িতে ঢুকে প্রবাসীদের মারধর করে টাকা, টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

হামলায় আহত মালাউইর নাগরিক মুসা আদি কুঞ্জে জানান, হামলাকারীরা পিস্তল দিয়ে তাঁর মাথায় আঘাত করে এবং দক্ষিণ আফ্রিকা ছাড়ার জন্য জমানো অর্থও ছিনিয়ে নেয়।

সহিংসতার মুখে হাজার হাজার মালাউই নাগরিক জোহানেসবার্গে নিজেদের কনস্যুলেটের বাইরে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। তীব্র শীতের মধ্যে নারী ও শিশুদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।

একই সঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতালে অভিবাসীদের চিকিৎসাসেবা পেতে বাধার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেডিসিন্স স্যান ফ্রন্টিয়ার্স এমএসএফ জানিয়েছে, মানসিক ও শারীরিকভাবে ঝুঁকিতে থাকা অনেক অভিবাসী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে দক্ষিণ আফ্রিকার বিচারমন্ত্রী মামোলোকো কুবায়ি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, দেশে কোনো মানবিক সংকট নেই। আইন অনুযায়ী অবৈধ অভিবাসীদের কেবল জরুরি চিকিৎসাসেবা দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আলেকজান্দ্রা এলাকায় অভিবাসীবিরোধী মিছিল থেকে প্রকাশ্যে প্রবাসীদের বাসাবাড়িতে হামলা চালানো হলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি।

দক্ষিণ আফ্রিকার সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৪ লাখ অভিবাসী বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

আগামী নভেম্বরের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অভিবাসী ইস্যু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। ‘মার্চ অ্যান্ড মার্চ’ নামে একটি প্রচারাভিযান বলেছে, সব অবৈধ অভিবাসী দেশ না ছাড়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার তাদের আন্দোলন চলবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..