✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:০৯:১২ |ফ্রান্সে একটি প্রীতি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। আঘাতের কারণে ম্যাচের দায়িত্ব শেষ করতে পারেননি তিনি। পরে জানা যায়, ২৬ বছর বয়সী এই রেফারি কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হয়েছেন।
শনিবার ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দ। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় মেৎজ।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৪০তম মিনিটে। জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা তৈরি হলে দ্রুতই তাতে আরও কয়েকজন ফুটবলার জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান রেফারি দেমোঁসে। তবে খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যে স্থানে ঘটনাটি ঘটেছে, তার পাশেই বড় অক্ষরে লেখা ছিল ‘রেফারিকে সম্মান করুন’।
আঘাত পাওয়ার পর কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন দেমোঁসে। এ সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সহকারী রেফারি, চিকিৎসাকর্মী ও নিরাপত্তা সদস্যরা দ্রুত মাঠে প্রবেশ করেন।
খেলা পুনরায় শুরু হলে তিনি কিছু সময় সহকারী রেফারির দায়িত্ব পালন করলেও বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তার স্থলাভিষিক্ত হন অন্য একজন সহকারী রেফারি।
এদিকে ফরচুনা সিতার্দ তাদের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটিকে ব্যতিক্রমী একটি মুহূর্ত হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজ তাদের ম্যাচ প্রতিবেদনে এ ঘটনার কোনো উল্লেখ করেনি।