✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:০৭:৫৮ |শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ভারত দলে সবচেয়ে বড় চিন্তার নাম এখন ক্রিকেটারদের ফিটনেস। মঙ্গলবারের মধ্যেই দল ঘোষণার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া।
ইংল্যান্ড সফরের শেষ ভাগ থেকেই একের পর এক চোটে ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়ে। শেষ ম্যাচের পর অধিনায়ক শুভমান গিলও প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে, দলের ফিটনেস পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। সেই উদ্বেগ এখন আরও বেড়েছে শ্রীলঙ্কা সিরিজ সামনে আসায়।
সবচেয়ে অনিশ্চয়তায় আছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর দেশে ফিরে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।
ভারতের আরেক বড় দুশ্চিন্তার নাম জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁটু ফুলে যাওয়ায় খেলতে পারেননি এই পেসার। বিসিসিআই সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুলাই সেন্টার অব এক্সিলেন্সে তার ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষার পরে ফলই শ্রীলঙ্কা সফরে বুমরাহর ভাগ্য ঠিক হবে।
এছাড়া, সাই সুদর্শন, হর্ষিত রানা ও নীতীশ রেড্ডির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। হর্ষিতকে এই সফরে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। নীতীশেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। তুলনামূলকভাবে সুসংবাদ রয়েছে সুদর্শনকে নিয়ে। পুরো সিরিজে তাকে পাওয়ার আশা থাকলেও এখনো আনুষ্ঠানিক ছাড়পত্র দেননি বোর্ডের চিকিৎসকেরা।
এমন পরিস্থিতিতে নির্বাচক কমিটি আপাতত চিকিৎসকদের মূল্যায়নের অপেক্ষায়। জানা গেছে, বুমরাহ, সুদর্শন, ওয়াশিংটন ও নীতীশ এই চারজনকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। পরে তাদের মধ্যে কেউ ফিট না হলে বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে ভারত।
আগামী ৪ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে পৌঁছে গৌতম গম্ভীরের অধীনে শুরু হবে প্রস্তুতি। ১৫ আগস্ট শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তার আগে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।