✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ১১:২০:৩০ |দক্ষিণ চীনে আঘাত হেনেছে শত্তিশালী টাইফুন ‘নউল’। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদং কাউন্টির উপকূলে টাইফুনটি আঘাত হানে, যার পরপরই উপকূলীয় এলাকায় ঝড়ের তীব্রতা দ্রুত বাড়তে শুরু করে।
হংকংসহ বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়েছে, সৃষ্টি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ঝুঁকি মোকাবিলায় গুয়াংডং প্রদেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা; নিরাপত্তার স্বার্থে ৩ লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল এবং বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে, শনিবার ও রবিবার মিলিয়ে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুনের প্রভাবে শনিবার একটি বহুতল ভবনের স্ক্যাফোল্ডিংয়ের অংশ ধসে পড়লেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুনটির প্রভাবে দ্বীপটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে এটি তাইওয়ানের দক্ষিণের জলসীমা অতিক্রম করে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।
সূত্র: দ্য হিন্দু, এপি