নিজের চরকায় তেল দিন : সমালোচনার জবাব নেইমারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ২১:১২:৫৭ |
বিশ্বকাপের ব্যর্থতা ও দীর্ঘ দুই মাসের ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফেরার আগেই আবারও নতুন বিতর্কে জড়ালেন নেইমার। ছুটির দিনে পোকার খেলায় অংশ নেওয়া নিয়ে ওঠা কঠোর সমালোচনার জবাবে সোজাসাপ্টা ভাষায় সমালোচকদের ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি সাও পাওলোতে অনুষ্ঠিত ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপ’-এর দুই দিনের একটি ইভেন্টে অংশ নেন নেইমার। ঠিক সে সময়ই তার দল সান্তোস কোপা সুদামেরিকানার ম্যাচে মুখোমুখি হতে ভেনিজুয়েলায় উনিভেরসিদাদ সেন্ট্রালের বিপক্ষে খেলছিল।

ক্লাবের ম্যাচ চলাকালীন পোকার টুর্নামেন্টে যোগ দেওয়ায় ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
এর জবাবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিয়ে নেইমার বলেন, ‘আমি এখানে আমার দ্বিতীয় অনুশীলন সেশনের জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখনই মনে পড়ল আমার ছুটির দিনে পোকার খেলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন।

আমি সকালে নিজের কাজ শেষ করেছি, অনুশীলনে নতুন ফেরায় মূল ম্যাচের ভ্রমণে যাইনি। পরদিন আমার ছুটি ছিল।
তবুও তারা কথা বলেই যাচ্ছে... যাই হোক! এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছি এবং আপনাদের কাছে জানতে চাই: আমি কি অনুশীলন করতে পারি, নাকি আপনারা আমাকে নিয়ে এভাবে সমালোচনা চালিয়েই যাবেন? নিজের চরকায় তেল দিন।’

পোকার বিতর্কের জবাব দিয়ে এবার মাঠের ফুটবলে নজর দিচ্ছেন নেইমার। শনিবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে শাপেকোয়েন্সের বিরুদ্ধে তার একাদশে শুরু করার কথা রয়েছে। গত ১৭ মে কোরিতিবার বিরুদ্ধে খেলার সময় তার ডান পায়ের মাংপেশীতে গ্রেড-২ চোট লাগে, যার ফলে গত দুই মাস তিনি সান্তোসের হয়ে মাঠে নামতে পারেননি।

ঠিক ২০ দিন আগে নিউ জার্সিতে বিশ্বকাপের ম্যাচে নরওয়ের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেও জাতীয় দলের বিদায় ঠেকাতে পারেননি ১০ নম্বর জার্সিধারী এই তারকা। এবার তাকে মুখোমুখি হতে হচ্ছে নিজ ক্লাব সান্তোসের করুণ বাস্তবতার। আর্থিক ও ক্রীড়াগতভাবে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া দলটি বর্তমানে ব্রাসিলেইরাও পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে (২১ পয়েন্ট) অবস্থান করছে। ক্লাবটিতে রয়েছে খেলোয়াড়দের বেতন বকেয়া থাকার মতো অফ-ফিল্ড জটিলতাও। ২০২৫ সালেও নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দলকে রেলিগেশন থেকে বাঁচিয়েছিলেন নেইমার, এবারও ভঙ্গুর সান্তোসকে টেনে তোলার মূল দায়িত্ব তার কাঁধেই।

বর্তমানে নেইমারের বয়স ৩৪ বছর এবং পরবর্তী বিশ্বকাপে তার বয়স হবে ৩৮। জাতীয় দল যখন নতুন প্রজন্মকে নিয়ে আগামী দিনের পরিকল্পনা করছে, তখন নেইমারের ভবিষ্যৎ ঘিরে ঝুলছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো কিংবা অবসরের গুঞ্জন থাকলেও বর্তমানে আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গেই চুক্তি রয়েছে তার, যা নবায়নের কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে কার্লো আনচেলত্তির অধীনে দলে যোগ দিয়েছিলেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ড এবং শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামেন তিনি। তবে তিনি মাঠে থাকা অবস্থাতেই এরলিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হয়। শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল করা এবং নরওয়েজীয় গোলরক্ষক অরজান নিল্যান্ডের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হলেও টানা চতুর্থ বিশ্বকাপের মঞ্চ থেকে আবার কান্নাভেজা চোখেই বিদায় নিতে হয়েছিল এই ফরোয়ার্ডকে।

সমস্ত মানসিক ক্লান্তি ও শারীরিক ইনজুরি কাটিয়ে এখন কোচ কুকার অধীনে শাপেকোয়েন্সের বিপক্ষে সেরা একাদশে নেমে সান্তোসকে নতুন করে পথ দেখানোটাই এখন নেইমারের মূল লক্ষ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..