দাবানল নিয়ন্ত্রণে ফ্রান্সের সামরিক কার্গো বিমান মোতায়েন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ২০:১৪:৪৭ |

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য একটি বিশাল সামরিক কার্গো বিমান মোতায়েন করা হয়েছে। সাধারণত বড় ধরনের আকাশপথে পরিবহন অভিযানের জন্যই এ ধরনের বিমান ব্যবহার করা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘এ-৪০০এম’ মডেলের এই বিমানটি আজ বিকালে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করবে। বিমানটিকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে এটি আগুন নেভানোর বিশেষ রাসায়নিক (ফ্লেম রিটার্ড্যান্ট) বহন করতে পারে। এছাড়া প্রতিবার যাতায়াতে এটি ২০ টন পর্যন্ত পানি বহন করতে সক্ষম।

স্থানীয় সময় শুক্রবার(২৪ জুলাই) ফ্রান্সের সেবাস্টিয়ান লেকর্নু জানান, দমকল কর্মীদের সহায়তার জন্য আরও অন্তত ৫০০ সামরিক সদস্য মোতায়েন করা হচ্ছে। এতে মাঠপর্যায়ে নিয়োজিত মোট কর্মীর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে।লেকর্নু আরও জানান, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর স্বাস্থ্যসেবা বিভাগকেও কাজে লাগানো হবে। এছাড়া গতকাল রাতে জিরোন্ড অঞ্চলের বাসিন্দা ও দমকল কর্মীদের ব্যবহারের জন্য ১৫ লাখ ‘এফএফপি২’ মাস্ক সেখানে পাঠানো হয়েছে।

এদিকে উদ্ধার অভিযানে ২৭ জন ফরাসি দমকলকর্মী আহত হয়েছেণ। জিরোন্দ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পরিচালক মার্ক ভারমুলেন জানিয়েছেন, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, পাঁচজন কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরেকজনের গোড়ালির হাড় ভেঙে গেছে।

দাবানলে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের জেরে ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। এখন পর্যন্ত মাদ্রিদ অঞ্চলে অন্তত ৬ হাজার হেক্টর এবং আভিলায় প্রায় ৯ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন, আরব নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..