✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৯:৫৭:২৩ |বৃষ্টির মধ্যে পুলিশের ভ্যানের সামনে বুক চিতিয়ে একা দাঁড়িয়ে থাকা এক তরুণী মুহূর্তেই বদলে দিয়েছিলেন প্রতিবাদের দৃশ্যপট। আর সেই ছবি থেকেই বিশ্বজুড়ে চর্চায় আসা রিহা আহির এবার খবরের শিরোনামে একদম অন্য কারণে। ভারতের শিক্ষার্থী আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই যেন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন এই প্রতিবাদী আইকন।
গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রিহা সাফ জানিয়ে দিয়েছেন, মন্ত্রীর পদত্যাগ তাদের কাছে দিওয়ালির মতো আনন্দের হলেও এই লড়াইয়ের মাত্র অর্ধেক পথ পেরোনো গেছে। কে হচ্ছেন পরবর্তী মন্ত্রী এবং শিক্ষাব্যবস্থায় আদতে কতটা পরিবর্তন আসছে, তা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন তিনি।
নিজেকে আন্দোলনের মুখ বলতে নারাজ রিহা স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি কেবল ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ মেয়ে এবং আসল নায়ক হলো সেই সব শিক্ষার্থী ও শহীদেরা যারা নিজেদের অধিকারের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। জিমন্যাস্টিকসের সময় পায়ে চোট থাকায় সেই বৃষ্টিস্নাত দিনে তার ভাইরাল হওয়া পোজ নিয়ে চলা ট্রোলের জবাবও দিয়েছেন হাসিমুখে। মঞ্চের চার বছর বয়স থেকে শুরু করে থিয়েটার ও মডেলিংয়ের অভিজ্ঞতা তাকে কঠিন মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে শিখিয়েছে।
চারপাশের সমালোচনা ও সামাজিক মাধ্যমে ফেম পাওয়ার অভিযোগকে বুড়ো আঙুল দেখিয়ে রিহা মনে করিয়ে দিয়েছেন, এই লড়াই কোনো প্রচারের আলো পাওয়ার জন্য নয়, বরং নিজের অধিকার আদায় করার লড়াই। তরুণ প্রজন্ম বিশেষ করে নারীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা হলো, নিজের জায়গায় অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় আওয়াজ তোলা।