✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৮:০৪:৪৩ |ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়ায় এটিকে গণতন্ত্র ও রাজপথের প্রত্যক্ষ বিজয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জলবায়ু ও শিক্ষা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয় হিসেবে উল্লেখ করেন। হাসপাতালের বিছানা থেকে বিজয়ের প্রতীক ‘ভি’ চিহ্ন দেখানো একটি ছবি শেয়ার করে দেশের তরুণ প্রজন্ম এবং ককরোচ জনতা পার্টিকে সিজেপি অভিনন্দন জানান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভয় কাটিয়ে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৮ জুন শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক।
তবে গত বৃহস্পতিবার রাতে সরকারের পক্ষ থেকে সংসদে নেট প্রশ্নফাঁস ইস্যু নিয়ে আলোচনার আশ্বাস, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নেট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি ২৬ দিনের অনশন ভঙ্গ করেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এখন আলোচনা শুধু দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষা সংস্কারের দিকে এগোবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে সরকারের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠকের ঠিক আগে এক্সে দুই পাতার একটি বিবৃতি প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গত ১০ দিনের ঘটনাপ্রবাহে গভীর বেদনা প্রকাশ করে তিনি জানান, এটি তাঁর কাছে ব্যক্তিগত অহংকারের বিষয় নয়।
নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের জেরে শুরু হওয়া বিতর্কে শুরু থেকেই পুরো ঘটনার নৈতিক দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন বলেও উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে তিনি বলেন, পরীক্ষা মাফিয়ার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশের পর ‘লং লিভ স্টুডেন্ট পাওয়ার’ স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এটাই প্রকৃত গণতন্ত্র। তেলাপোকার শক্তির সঙ্গে কেউ যেন গাদ্দারি না করে।’
সূত্র: এনডিটিভি