✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৭:৫৭:৫৪ |সিরিয়ায় রাজধানী দামেস্কে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার(২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেইর আল-জোরও দামেস্কের মধ্যবর্তী সড়কে এই ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’(সানা)-র তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তরের লক্ষ্যে দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী এই মহাসড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল বলে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের ফলে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর যে শোচনীয় দশা হয়েছে, এটি তারই প্রতিফলন।
গত অক্টোবরে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আল-সালেহ উল্লেখ করেন, সিরিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এ ধরনের সড়ক দুর্ঘটনা।
সূত্র: আলজাজিরা, রয়টার্স।