আনচেলত্তির পর ইতালির কোচ হওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন গার্দিওলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ০০:২২:৪৬ |

কার্লো আনচেলত্তির পর এবার পেপ গার্দিওলাও ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে যাচ্ছেন। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজ্জেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, ব্যক্তিগত চুক্তির শর্তে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় ইতালির দায়িত্ব নিতে রাজি হননি স্প্যানিশ এই কোচ।

গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর থেকেই ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা। ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির সঙ্গে জাতীয় দলের দায়িত্ব নিয়ে তার আলোচনা হয়েছে। তবে সেই আলোচনা ইতিবাচক ফল দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গার্দিওলা বছরে প্রায় ১ কোটি ৭০ লাখ পাউন্ড বেতন চেয়েছেন। কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সর্বোচ্চ ৮৫ লাখ পাউন্ড পর্যন্ত প্রস্তাব দিয়েছে। বেতনের এই বড় ব্যবধানের কারণেই আলোচনা এগোয়নি।

মালদিনি নিজেও স্বীকার করেছেন, গার্দিওলাকে রাজি করানো নিয়ে তার আশাবাদ খুব কম ছিল। ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি জিওভান্নি মালাগোও বলেছেন, গার্দিওলাকে আনতে বিশেষ আর্থিক ছাড়ের পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হবে কি না, তা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল।

ম্যানচেস্টার সিটির দায়িত্বে প্রায় এক দশকে ২০টি শিরোপা জিতেছেন গার্দিওলা। তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল ইতালি। তবে এখন সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

গার্দিওলা দায়িত্ব না নিলে ইতালির কোচ হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক কোচ রবার্তো মানচিনি ও সাবেক তারকা ফুটবলার আন্দ্রেয়া পিরলো। আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন ইতালি অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বালদিনি। আগামী আন্তর্জাতিক বিরতির আগেই নতুন প্রধান কোচ নিয়োগ দিতে চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..