এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১৭:১০:৫২ |
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে পর্দা উঠছে ২০তম এশিয়ান গেমসের। এই প্রতিযোগিতায় নারী ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার নাগোয়ায় অনুষ্ঠিত গ্রুপিং ড্রয়ে বাংলাদেশের মেয়েরা পড়েছে বি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের মঞ্চে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এবারের ড্র ঋতুপর্ণা-সাগরিকাদের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

প্রতিপক্ষ হিসেবে পাওয়া উত্তর কোরিয়া অন্যতম সফল একটি নাম। এখন পর্যন্ত এই ইভেন্টে তিনটি স্বর্ণপদক জয়ের গৌরব রয়েছে দলটির। পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়াও। এশিয়াডের মঞ্চে নিয়মিত মুখ দলটি এখন পর্যন্ত দশবার অংশ নিয়ে তিনবার ব্রোঞ্জপদক নিজেদের করে নিয়েছে। গ্রুপের আরেক দল মিয়ানমার অবশ্য অভিজ্ঞতায় বাংলাদেশের সমপর্যায়ের। লাল-সবুজদের মতো তারাও এর আগে মাত্র একবার এশিয়ান গেমসে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।
২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত ১৯তম আসরের মধ্য দিয়ে এশিয়ান গেমসে অভিষেক হয় বাংলাদেশের মেয়েদের। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটিতে ড্র ও দুটিতে হেরে টুর্নামেন্ট শেষ করে তারা। এবার তাই নিজেদের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রতিপক্ষদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ার লক্ষ্য থাকবে লাল-সবুজদের।

এবারের আসরে নারী ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে ১২টি দেশ। ড্রয়ের মাধ্যমে দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গী হয়েছে ভিয়েতনাম, চায়নিজ তাইপে ও থাইল্যান্ড। শক্তির বিচারে জাপান পরিষ্কার ফেভারিট হলেও বাকি তিন দলের মধ্যে মূল লড়াইটা বেশ জমজমাট হওয়ার আভাস রয়েছে। ‘সি’ গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে শক্তিশালী চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..