এখনও ঘোরের মধ্যে স্পেন কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১৭:০৩:২৫ |
পাঁচ দিন আগে জিতেছেন বিশ্বকাপের ট্রফি। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে উৎসব করেছেন। তবুও ঘোর কাটছে না লুইস দে লা ফুয়েন্তের। চার বছর আগে স্পেন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কখনও ভাবেননি বিশ্বকাপ জিতবেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পরের সময়টা যেন স্বপ্নের মতো কাটছে তাঁর। গতকাল বৃহস্পতিবার সোনালি ট্রফি হাতে নিয়ে দেশের ক্রীড়া পত্রিকা এএসে উপস্থিত হন দে লা ফুয়েন্তে। তখন সেখানে উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়। সেখানেই নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন ফুয়েন্তে, ‘ফাইনাল ম্যাচটি আমাকে আর দ্বিতীয়বার দেখতে হয়নি, কারণ মাঠে আমার অনুভূতিই ছিল আমরা প্রতিপক্ষের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ ছিলাম। চার বছর আগে আমার আগের সফরের সময় আমি ভাবতেও পারিনি যে এত দূর আসতে পারব। তবে পথচলা তো ধাপে ধাপেই সম্পন্ন হয়। আমাদের যা সামর্থ্য ছিল, তা নিয়েই আমরা শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম।’

আর্জেন্টিনার বিপক্ষে পাসিং ফুটবলের পসরা সাজায় স্পেন। একের পর এক আক্রমণেও গোল পাচ্ছিল না তারা। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, তখনই বাজিমাত করে লা ফুরিয়া রোজারা। ফেরান তোরেসের গোলটিই স্পেনকে দ্বিতীয়বারের মতো এনে দেয় বিশ্বকাপ। সেই গোলের সময় নিজের অবস্থান কেমন ছিল তা বলেন ফুয়েন্তে, ‘পরিবেশটা চমৎকার ছিল, ভালো মানুষদের সঙ্গে তো এমনটাই হওয়ার কথা। ফেরান যখন গোল করল, আমি যেন এক পরম আনন্দের অনুভূতি পেয়েছিলাম; আর যখন কাপটি উঁচিয়ে ধরলাম, তখন এক ধরনের তৃপ্তি, সন্তুষ্টি ও গর্ববোধ কাজ করছিল। দেশের মানুষের জন্য খুব আনন্দ লাগছিল।’ দল নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। সেই বিষয়টিও মনে করিয়ে দেন ফুয়েন্তে, ‘বিদ্বেষপূর্ণ সমালোচনা দেখলে আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করি; কারণ সময়ই আপনাকে জবাব দেওয়ার সুযোগ করে দেয়। আর তাই ফেরানের জন্য আমি বিশেষভাবে আনন্দিত। তার গল্পটি আমাকে মোরাতার কথা মনে করিয়ে দেয়। অন্যায়ের মুখোমুখি হয়ে সে দেখিয়ে দিয়েছে, আমি এখনও এখানেই আছি।’

১০ জনের দলে পরিণত হওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনা শারীরিক ফুটবল খেলেছিল। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর কৌশলে পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। তখন ম্যাচটিকে টাইব্রেকারের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন স্কালোনি। এই বিষয়টি বুঝতে পারেন স্পেন কোচ ফুয়েন্তে, ‘বিশেষ করে লাল কার্ড পাওয়ার পর তারা কেন পেনাল্টি শুটআউটের দিকে খেলা নিয়ে যেতে চেয়েছিল, তা আমি পুরোপুরি বুঝতে পারি। তবে আমাদের লক্ষ্য স্পষ্ট ছিল– আমাদের নিজেদের খেলাই খেলতে হবে। খেলোয়াড়দেরও আমার একটাই বার্তা ছিল: চলো আমরা আমাদের স্বকীয় খেলাটা খেলি। তারা তাদের নিজস্ব খেলায় আমাদের চেয়ে শক্তিশালী হতে পারে, কিন্তু আমরা তাদের আমাদের ওপর চড়াও হতে দিতে পারি না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..