✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৮:৩০:৫৯ |বিতর্কিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান দেশব্যাপী আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা তথা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) চেয়ারম্যান আর মাধবন। শিক্ষার্থীদের এই যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষার মান বজায় রাখা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
কয়েক দিন ধরেই চলমান শিক্ষার্থী আন্দোলনের ইস্যুতে নীরব থাকার কারণে এফটিআইআই-এর চেয়ারম্যান হিসেবে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছিলেন মাধবন। পুনেতে এফটিআইআই ক্যাম্পাসে তার কার্যালয়ের দরজায় ‘গায়েব’ (উধাও) ট্রোল মিম এবং ‘বিক্রির জন্য নিট’ লেখা পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পরই নিজের সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বার্তা শেয়ার করে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মাধবন লেখেন, ভারতের তরুণসমাজের ওপর তার অগাধ বিশ্বাস রয়েছে এবং বর্তমানে পরীক্ষাব্যবস্থার এই অনিয়মের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হওয়া হতাশা ও ক্ষোভ তিনি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন। একটি দেশের শিক্ষাব্যবস্থা হওয়া উচিত আস্থা, নিরপেক্ষতা ও সুযোগের জায়গা। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা সেই বিশ্বাস ভেঙে দেয় এবং লক্ষ লক্ষ তরুণের কঠোর পরিশ্রম ও ভবিষ্যৎ স্বপ্নকে গভীর সংকটে ফেলে দেয়।
অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে যেন দ্রুত ও কঠোর বিচারের আওতায় আনা হয়, যাতে ভবিষ্যতে কেউ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। একইসঙ্গে অতীতে হওয়া ভুলগুলো সংশোধন করে সরকার শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ভেঙে না পড়ার আহ্বান জানিয়ে মাধবন লেখেন, কোনো ব্যবস্থার ত্রুটির চেয়ে শিক্ষার্থীদের প্রতিভা, ধৈর্য ও চরিত্র অনেক বড়। তাই সাময়িক এই বাধা দেখে হতাশ না হয়ে নিজেদের ওপর বিশ্বাস রেখে কাজ করে যেতে বলেন তিনি।
সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ লড়াইয়ের প্রশংসা করার পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে এই আন্দোলনকে নিজের স্বার্থে ব্যবহার বা এর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে না পারে, সে বিষয়ে আন্দোলনকারীদের সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, এর আগে অভিনেতা সালমান খানও প্রশ্নপত্র ফাঁসকে অত্যন্ত গুরুতর বিষয় আখ্যা দিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়া নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখের মতো তারকারাও শিক্ষার্থীদের এই দাবির প্রতি ইতিমধ্যেই নিজেদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি