✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৬:৫৮:২৪ |বিশ্বকাপের বছর মানেই ব্যালন ডি’অরের হিসাব-নিকাশে নতুন সমীকরণ। ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের লড়াইও পেয়েছে নতুন মোড়। টুর্নামেন্টের পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্পেনের দুই তারকা রদ্রি ও লামিনে ইয়ামাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ব্যালন ডি’অরের সম্ভাব্য দাবিদারদের তালিকায় রেখেছে লিওনেল মেসি, লামিনে ইয়ামাল, রদ্রি, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে। পাশাপাশি দুর্দান্ত মৌসুম কাটানো উসমান দেম্বেলেকেও হিসাবের বাইরে রাখা যাচ্ছে না।
রদ্রি
ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমে ভালো পারফরম্যান্সের পর বিশ্বকাপে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রদ্রি। স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল তাঁর হাতে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জিতেছেন তিনি।
বিশ্বকাপে বল নিয়ন্ত্রণ, সফল পাস এবং আক্রমণভাগে পাস দেওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মাত্র এক গোল হজম করা স্পেনের রক্ষণাত্মক সাফল্যেও বড় ভূমিকা ছিল তাঁর।
লামিনে ইয়ামাল
মাত্র ১৯ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলে অসাধারণ মৌসুম কাটিয়েছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্টের পাশাপাশি জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।
বিশ্বকাপেও ছিলেন স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি সফল ড্রিবলের রেকর্ড গড়েছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টিও আদায় করেন এই তরুণ ফরোয়ার্ড।
লিওনেল মেসি
বিশ্বকাপ জিততে না পারলেও লিওনেল মেসির সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৩৯ বছর বয়সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। টুর্নামেন্টে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
তবে স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার গোল না পাওয়া তাঁর ব্যালন ডি’অরের দাবিকে কিছুটা দুর্বল করেছে। আবার পুরস্কার জিতলে নবমবারের মতো ব্যালন ডি’অর হাতে তুলে নেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হওয়ার সুযোগ থাকবে তাঁর।
হ্যারি কেইন
ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন হ্যারি কেইনও। বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ গোল করে লিগ ও কাপ ডাবল জিতেছেন তিনি। বিশ্বকাপে ৬ গোল করে ইংল্যান্ডের বড় টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙেছেন।
কিলিয়ান এমবাপ্পে
চলতি মৌসুমে ব্যক্তিগত অর্জনে ছিলেন দুর্দান্ত কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে বড় শিরোপা না পাওয়ায় কিছুটা পিছিয়ে আছেন তিনি।
উসমান দেম্বেলে
গতবারের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে চোটের কারণে কিছুটা সময় মাঠের বাইরে থাকলেও পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ জয়ে অবদান রাখার পাশাপাশি বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে করেছেন ৬ গোল।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম।
সূত্র: মার্কা