২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ওচোয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৮:৫১:৪৭ |

মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ২২ বছরের দীর্ঘ ও সফল ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন ৪১ বছর বয়সী এই গোলকিপার।

এর আগে ওচোয়া জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর। এরপর ক্লাব ফুটবলে আরও কিছুদিন খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অবসরের বার্তায় ওচোয়া লিখেছেন, তিনি ক্লাব ও জাতীয় দলের হয়ে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। গোলরক্ষকের দায়িত্বের কঠিন মুহূর্তগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, একজন গোলকিপারকে কখনও কখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সেই একটি মুহূর্তের জন্য, যখন দলের ভাগ্য নির্ভর করে তার ওপর।

বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরের দলে থাকার বিরল কীর্তি গড়েছেন ওচোয়া। এই রেকর্ডে তার সঙ্গে রয়েছেন শুধু পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ও আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে মেক্সিকোর ক্লাব আমেরিকার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। সাত বছর পর ২০১১ সালে ফরাসি ক্লাব আজাক্সিওতে যোগ দিয়ে ইউরোপের শীর্ষ ফুটবলে খেলা প্রথম মেক্সিকান গোলরক্ষক হিসেবে ইতিহাস তৈরি করেন তিনি।

ইউরোপে এরপর মালাগা, গ্রানাদা, স্ট্যান্ডার্ড লিয়েজ, সালার্নিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসলের হয়ে খেলেছেন ওচোয়া। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আবারও ক্লাব আমেরিকায় ফিরে খেলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মূল গোলরক্ষকের দায়িত্বে ছিলেন রাউল রাঙ্গেল। চেকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শেষ ১৩ মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পান ওচোয়া। সেই ম্যাচের পর আবেগঘন মুহূর্তে নিজের ক্যারিয়ার শুরুর স্মৃতিবিজড়িত আজতেকা স্টেডিয়ামের গোলপোস্টে চুমু দিয়ে বিদায় নেন তিনি। সতীর্থদের আলিঙ্গনের পর খালি স্টেডিয়ামে ফিরে এসে আরও একবার মাঠের মাঝখানে দাঁড়িয়ে নিজের শেষ মুহূর্তগুলো উপভোগ করেন এই কিংবদন্তি।

ক্লাব ক্যারিয়ারে ক্লাব আমেরিকার হয়ে ২০০৫ সালের ক্লাউসুরা লিগ শিরোপা জিতেছেন ওচোয়া। স্ট্যান্ডার্ড লিয়েজের হয়ে জিতেছেন বেলজিয়ান কাপ। জাতীয় দলের হয়ে ছয়টি কনকাকাফ গোল্ড কাপ জয়ের পাশাপাশি ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর মেক্সিকোর ব্রোঞ্জ পদক জয়ে অবদান রেখেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..