অনশন প্রত্যাহারে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৮:৫০:৫২ |

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অভূতপূর্ব বিক্ষোভের পর এবার অনশন প্রত্যাহারের ইঙ্গিত দিলেন খ্যাতনামা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তার এই অনশন বুধবার ২৫ দিনে পদার্পণ করল। রাজপথের আন্দোলনের মধ্যে কেন্দ্র সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক বা দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে এমন লিখিত বা জোরালো প্রতিশ্রুতি পেলেই তিনি অনশন ভাঙতে প্রস্তুত।

এদিকে, সিজেপি'র প্রতিবাদ মিছিল চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত ও অন্যায় বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা জোড়া আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে। শুনানিকালে আবেদনকারীদের আইনজীবীরা আদালতকে জানান, কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থানরত সাধারণ মানুষের ওপর চড়াও হয় পুলিশ।

এমনকি কোনো প্ররোচনা ছাড়াই এক নারী পথচারীকে শারীরিক নিগ্রহের দায়ে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বাকে সশরীরে আদালতে হাজির করার আবেদনও করা হয়েছে। পুরো বিষয়টি পর্যালোচনা করে আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে উচ্চ আদালত।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ কড়া ভাষায় অস্বীকার করেছে দিল্লি পুলিশ। আদালতের সামনে পুলিশের পক্ষ থেকে সওয়াল করে জানানো হয় যে, যাকে ‘শান্তিপূর্ণ আন্দোলন’ বলে দাবি করা হচ্ছে, তা আদতে মোটেও শান্ত ছিল না। ভিড়ের মধ্যে থাকা কিছু উচ্ছৃঙ্খল জনতা আচমকাই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এই হিংসাত্মক পরিস্থিতিতে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। সহিংসতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেই আইনি পরিধির মধ্যে থেকে জনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..