ধর্ষণ আতঙ্কে বনে, পরে উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৫:৪৬:৫৫ |

ধর্ষণের চেষ্টা থেকে প্রাণ বাঁচাতে সংরক্ষিত গহীন বনে আশ্রয় নিয়ে পথ হারান এক নারী। পরে ড্রোন, ফ্লেয়ার গান ও রকেট বাজির সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে ঘটেছে।

পুলিশ জানায়, ওই নারী খুরদা বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে লিফট নিয়েছিলেন। তার অভিযোগ, মোটরসাইকেলচালক তাকে যৌন নির্যাতনের উদ্দেশ্যে রতনপুর সংরক্ষিত বনের দিকে নিয়ে যান।

একজন পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন এবং আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলেন। পরে সেখান থেকে দৌড়ে সংরক্ষিত বনের ভেতরে আশ্রয় নিলেও পথ হারিয়ে ফেলেন।

বনের ভেতর থেকে মোবাইল ফোন ব্যবহার করে তিনি পুলিশের কাছে সাহায্য চান। খবর পেয়ে এক সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ইনফোভ্যালি, জটানি ও খন্দগিরি থানার প্রায় ৫০ জন পুলিশ সদস্য উদ্ধার অভিযান শুরু করেন।

তবে ভুক্তভোগীর মোবাইল ফোনে জিপিএস লোকেশন চালু না থাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ নিজেদের অবস্থান দৃশ্যমান করতে ড্রোন, ফ্লেয়ার গান এবং রকেট বাজির ব্যবহার করে। সেগুলোর আলোর সংকেত অনুসরণ করে ওই নারী উদ্ধারকারী দলের কাছে পৌঁছাতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, শুরুতে ওই নারী মামলা করতে অনিচ্ছুক ছিলেন। পরে তাকে বোঝানোর পর তিনি অভিযোগ দায়ের করতে সম্মত হন। এ ঘটনায় ইনফোভ্যালি থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..