✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ২১:৪৮:২৫ |বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের মহাযুদ্ধ শুরুর আগেই দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিতে প্রস্তুত বিনোদন জগতের একঝাঁক তারকা।
এবারের ফাইনাল ম্যাচকে ঘিরে ফিফা এমন এক নজিরবিহীন সাংস্কৃতিক মেলবন্ধনের আয়োজন করেছে, যা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। কখন শুরু হবে এই বর্ণাঢ্য আয়োজন এবং কারা থাকছেন পারফর্মারদের তালিকায়... দেখে নিন তার আদ্যোপান্ত।
ম্যাচ শুরুর আগে জমকালো সমাপনী অনুষ্ঠান
ফাইনাল কিক-অফের প্রায় দেড় ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান। এ পর্বের মূল আকর্ষণ বা হেডলাইনার হিসেবে থাকছেন আমেরিকান র্যাপার ও গায়ক পোস্ট মালোন।
এছাড়া, জমকালো এই মঞ্চ মাতাবেন ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ পপ কিংবদন্তি রবি উইলিয়ামস এবং বিশ্বখ্যাত জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে গ্যালারিতে উপস্থিত থাকবেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। সমাপনী অনুষ্ঠান শেষে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী বিশ্বখ্যাত গায়িকা জেনিফার হাডসন।
ইতিহাসে প্রথম: ফাইনালের বিশেষ ‘হাফটাইম শো’
বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘ ৯৬ বছরের পথচলায় এবারই প্রথম যুক্ত হচ্ছে আমেরিকান ‘সুপার বোল’ স্টাইলের 'হাফটাইম শো' বা প্রথমার্ধের বিরতির বিশেষ প্রদর্শনী। ‘গ্লোবাল সিটিজেন’-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বে আয়োজিত এই মেগা শোর পুরো শৈল্পিক ও সৃজনশীল পরিচালনার দায়িত্বে আছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
খেলার প্রথমার্ধের বিরতি চলাকালে শুরু হবে এই পারফর্ম্যান্স। সাধারণ ম্যাচের বিরতি ১৫ মিনিটের হলেও এই শোর জন্য ফুটবল ও বিনোদনের মেলবন্ধনে পুরো বিরতির সময় বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। এই মেগা মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন পপ কুইন শাকিরা এবং কোরিয়ান পপ সেনসেশন বিটিএস। এছাড়া, থাকছেন জাস্টিন বিবার ও আফ্রোবিট তারকা বার্না বয়। বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় অর্কেস্ট্রা পারফর্ম্যান্সের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্য মঞ্চে হাজির হবে ‘সেসামি স্ট্রিট’ ও ‘দ্য মাপেটস’-এর জনপ্রিয় চরিত্রগুলো।
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট
টিকিট ট্র্যাকিং সার্ভিস ‘টিকিটডাটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৫৯৫ ডলার। প্ল্যাটফর্মটি জানিয়েছে, গত তিন দিনে টিকিটের দাম আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, সেকেন্ডারি টিকিট মার্কেটপ্লেস ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিট কেনার গড় মূল্য ১১ হাজার ৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। এই মূল্য এনএফএল-এর সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটের দামকেও ছাড়িয়ে গেছে।
মাঠে থাকবেন ট্রাম্প, ঘিরে রয়েছে বিতর্কও
বিশ্বকাপ শুরুর আগে বেশ সরব উপস্থিতি ছিল ডোনাল্ড ট্রাম্পের। গ্রুপ নির্ধারণী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে থাকলেও, চলতি আসরের কোনো ম্যাচে তাকে স্টেডিয়ামে দেখা যায়নি। তবে রবিবার ফাইনালে প্রথমবারের মতো সশরীরে মাঠে হাজির থাকছেন তিনি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে ট্রফি তুলে দেবেন বিশ্বজয়ীদের হাতে। চ্যাম্পিয়ন দল এবার ট্রফির পাশাপাশি বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’-ও পাবে।
এদিকে, টুর্নামেন্টের কোনো ম্যাচে মাঠে না থাকলেও মাঠের বাইরে বেশ আলোচিত ও বিতর্কিত ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করতে তার সরাসরি হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ রয়েছে। ফিফা নিয়মের তোয়াক্কা না করে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে, যিনি পরে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যাওয়া ম্যাচেও খেলেছিলেন। ফিফার এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তীব্র নিন্দার ঝড় ওঠে এবং খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে প্রশ্ন তোলে অনেকেই।