✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ১৬:১২:০৩ |বিশ্বকাপের পর্দা নামতে চলেছে অবশেষে। মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। তবে মাঠের মহারণের ঠিক আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এক ভিন্ন রকমের উন্মাদনা তৈরি হয়েছে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের ছোট ভাই কিয়েন ইয়ামালকে নিয়ে। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ইয়ামালের নিজের ভাই-ই বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে সমর্থন করছেন?
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েন ইয়ামালের একটি ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দেয়। সেই ভিডিওতে দেখা যায়, ছোট্ট কিয়েনের চুল নীল রঙে রাঙানো এবং তার পরনে রয়েছে হুবহু আলবিসেলেস্তাদের জার্সির রঙের সাথে মেলানো একটি নীল-সাদা স্পোর্টস আউটফিট। বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগ মুহূর্তে এমন একটি লুক সামনে আসায় অনেকেই ধরে নেন, ইয়ামাল-অনুজ হয়তো ফাইনালে আর্জেন্টিনার আকাশী-নীল শিবিরের দিকেই ঝুঁকে পড়েছেন।
তবে আসল সত্যটা খতিয়ে দেখলে বোঝা যায়, এই জল্পনা-কল্পনার ভিত্তি আসলে বেশ নড়বড়ে। ভাইরাল হওয়া এই ভিডিওটি ফাইনাল ম্যাচের ঠিক আগে ধারণ করা কোনো দৃশ্য নয়। খোঁজ নিয়ে জানা গেছে, ইয়ামাল পরিবারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট গত মে মাসে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। অর্থাৎ, বিশ্বকাপের ফাইনালিস্ট নির্ধারণ হওয়ার অনেক আগেই কিয়েন এই হেয়ারস্টাইলটি করেছিল। তাছাড়া সে কেবল নীল রঙের প্রতি ভালোবাসা থেকে নাকি আর্জেন্টিনার প্রতি অনুরাগের কারণে এই রূপ ধারণ করেছিল, তার কোনো স্পষ্ট প্রমাণ বা নিশ্চিত তথ্য নেই।
বরং পুরো বিশ্বকাপ জুড়ে গ্যালারিতে কিয়েনের উপস্থিতি ভিন্ন এক বার্তা দিয়েছে। প্রতিটি ম্যাচেই তাকে তার বড় ভাই ইয়ামালের জন্য গলা ফাটাতে এবং স্পেনের জার্সি গায়ে উল্লাস করতে দেখা গেছে। ভাইয়ের প্রতি তার এই অকুণ্ঠ সমর্থন প্রমাণ করে যে মাঠের বাইরে যাই রটুক না কেন, কিয়েন আসলে স্পেনেরই একনিষ্ঠ সমর্থক।
সূত্র: মার্কা