হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ১৪:০৭:১১ |

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয় শুধু ফুটবলপ্রেমীদেরই চমকে দেয়নি, বিপাকে ফেলেছে ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনিকেও। ম্যাচের আগে করা বাজিতে হেরে শেষ পর্যন্ত নিজের কথাই রেখেছেন তিনি। শনিবার নিউইয়র্কের হাডসন নদীতে নৌকা বেয়ে বাজির শর্ত পূরণ করেন রুনি।

বিশ্বকাপে বিবিসির বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা রুনি আগে মজা করে বলেছিলেন, নরওয়ে যদি ব্রাজিলকে হারাতে পারে, তাহলে তিনি নদীতে নৌকা বেয়ে দেখাবেন। কিন্তু আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায় নেওয়ার পর সেই প্রতিশ্রুতি আর এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না।

শনিবার সকালে হাডসন নদীতে বৈঠা হাতে নামেন রুনি। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার জো হার্ট ও মিকা রিচার্ডস।

নৌকায় ওঠার আগে রুনি বলেন, ‘আর্লিং, কথা রেখেছি। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এখন হাডসন নদীতে নৌকা বাইতে নেমেছি।’

বৈঠা চালাতে চালাতেই রসিকতা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। হাসতে হাসতে বলেন, ‘মনে হচ্ছে উরুর পেশিতে টান লেগেছে!’

পাশ থেকে জো হার্টও মজা করে বলেন, ‘নরওয়ে দলের সঙ্গে একটা দৌড়ই হয়ে যাক!’

নৌকা ভ্রমণ শেষে রুনি জানান, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে। সমর্থকেরা অসাধারণ ছিল। তাদের প্রতি সম্মান জানাতেই আমরা এটা করেছি।’

শেষে হলান্ডকে উদ্দেশ করে রুনি বলেন, ‘আশা করি এটা উপভোগ করেছ। মারবেলায় তোমার নাচের ভিডিওও দেখেছি। ছুটি উপভোগ করো।’

এদিকে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে। আজ মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। আর রবিবার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

সূত্র: ইএসপিএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..