✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৪:০৮:২০ |ফিফা বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহারণের আগে স্বাভাবিকভাবেই দুই দলের খেলোয়াড়দের ওপর থাকবে ব্যাপক চাপ। তবে সেই চাপ সামলানোর সহজ মন্ত্র জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাভিটস সেন্টারে আয়োজিত ‘ফ্যানাটিকস ফেস্ট’ অনুষ্ঠানে এনএফএল কিংবদন্তি টম ব্রেডি ও সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপকালে ফাইনালের মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলেন মেসি। এসময় তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
বড় ম্যাচের চাপ নিয়ে মেসি বলেন, “আমরা কখনো চাপ নিয়ে আলাদা করে ভাবি না। খেলাটাকে স্বাভাবিকভাবে নিই এবং উপভোগ করার চেষ্টা করি। আমরা প্রতিযোগিতা করতে ভালোবাসি, জিততে ভালোবাসি। তবে ফুটবল দলীয় খেলা, প্রতিপক্ষও খেলে। তাই সব সময় জেতা সম্ভব নয়।”
শৈশবের স্মৃতি স্মরণ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ছোটবেলা থেকেই ফুটবল ছিল আনন্দের বিষয়। স্কুল, রাস্তা কিংবা ক্লাবে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই ফুটবল খেলেছেন। সেই আনন্দের জায়গাটিই এখনো ধরে রাখার চেষ্টা করেন বলে জানান তিনি।
মেসি আরও বলেন, “ছোটবেলায় আমি শিখেছি, জয়ের চেয়ে হারই বেশি আসে। সেই হারগুলোই আমাকে মানুষ হিসেবে এবং ফুটবলার হিসেবে আরও পরিণত করেছে।”
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দাপট দেখালেও নকআউট পর্বে কঠিন লড়াই করতে হয়েছে আর্জেন্টিনাকে। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১টায়। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেসির দল।
তথ্য সূত্র- ফিফাডটকম।