✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৮:২০:৩৯ |ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ক্যান্সার হাসপাতালের কাছে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর হাসপাতালটির ২১১ জন রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটির পরিচালক রেজা বাজারের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার কারণে হাসপাতালটি অকার্যকর হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হামলার কারণে কেমোথেরাপি নেওয়া রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে। তিনি বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বাকায়ি এই হামলাকে ‘বর্বর’ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর ইসরায়েলের চালানো নৃশংসতার সঙ্গে তুলনীয় বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, এই হামলার ফলে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে তীব্র আতঙ্ক ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং কেমোথেরাপি নেওয়া ২১১ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপক ডা. মজিদ বু-আজার আল-জাজিরাকে জানান, হামলার কারণে রোগীকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে। হাসপাতালের এক কর্মী আল-জাজিরাকে বলেন, এখানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ক্যান্সার আক্রান্তসহ বিশেষ ধরনের রোগীরা রয়েছেন। দুর্ভাগ্যবশত, হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। রোগীদের মধ্যে কারও কারও শরীরে অক্সিজেন ও ভেন্টিলেটর লাগানো ছিল। কারও কারও কোলে শিশু ছিল, কারও হাতে আইভি স্যালাইন লাগানো ছিল, আবার কেউ কেউ হুইলচেয়ারে ছিলেন। সবাই বাইরে বেরিয়ে আসেন।
সূত্র: ডন, আলজাজিরা।