মেসিই আর্জেন্টিনার দুর্বলতা: রুনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৮:৪৯:৩১ |

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফের দেখা হবে দুই দলের। এই মহারণের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েন রুনি।

বর্তমানে বিশ্বকাপে বিবিসি'র হয়ে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন রুনি। সেখানেই আর্জেন্টিনার অধিনায়ক মেসির খেলার ধরন বিশ্লেষণ করতে গিয়ে তিনি দাবি করেন, রক্ষণে মেসির কম অবদান ইংল্যান্ডের জন্য সুযোগ তৈরি করতে পারে।

রুনি বলেন, ‘রক্ষণে মেসি আর্জেন্টিনার দুর্বলতা হতে পারে। ও খুব বেশি দৌড়ায় না এবং পিছনে নেমে ডিফেন্সে সাহায্য করে না।’ তাঁর মতে, ইংল্যান্ডকে এই জায়গাটাই কাজে লাগাতে হবে।

তবে আক্রমণভাগে মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রুনি। ৩৯ বছর বয়সেও বড় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসি যে পার্থক্য গড়ে দিতে পারেন, তা স্বীকার করেছেন তিনি। রুনির কথায়, মেসির সবচেয়ে বড় শক্তি হলো তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ম্যাচের নির্দিষ্ট সময়ে হঠাৎ করেই তিনি নিজের সেরাটা বের করে আনতে পারেন।

মেসিকে আটকানোর পরিকল্পনা নিয়ে রুনি বলেন, তাঁকে মার্ক করতে হলে সতীর্থদের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মেসি অনেক সময় এমন জায়গায় অবস্থান করেন, যেখানে সাধারণ আক্রমণাত্মক খেলোয়াড়দের দেখা যায় না।

ইংল্যান্ডের বর্তমান দল নিয়েও আশাবাদী রুনি। তাঁর মতে, প্রযুক্তিগত দক্ষতার দিক থেকে হ্যারি কেন, জুড বেলিংহ্যামদের নিয়ে গড়া ইংল্যান্ড দলে একাধিক বিশ্বমানের ফুটবলার রয়েছেন এবং এই জায়গায় তাঁরা আর্জেন্তিনার থেকে এগিয়ে।

তবে রুনির প্রাক্তন সতীর্থ মাইকা রিচার্ডস ইংল্যান্ডকে সতর্ক করেছেন। তাঁর মতে, মেসিকে কখনও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রিচার্ডস বলেন, ‘মেসিকে মার্ক করা প্রায় অসম্ভব। ও সঠিক সময়েই নিজের সেরাটা দেয়। ওর টেকনিক এবং ব্যক্তিত্বই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।’

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..