✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৮:৪৮:৪৩ |ফিফা বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি হলেও, ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বিশ্বাস করেন, তার দলও হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো ম্যাচজয়ী তারকাদের নিয়ে সমানভাবে লড়াই করার সক্ষমতা রাখে।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ১৭ গোলের মধ্যে ৮টিই এসেছে মেসির পা থেকে। একই সংখ্যক গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার সঙ্গে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ৬টি করে গোল করেছেন কেইন ও বেলিংহ্যাম। কোয়ার্টার-ফাইনালে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহ্যাম।
টানা পাঁচ ম্যাচে গোল করার পর কোয়ার্টার-ফাইনালে গোলের দেখা পাননি মেসি। তবে আর্জেন্টিনার আক্রমণভাগে দায়িত্ব কাঁধে তুলে নেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেস। আসরে এখন পর্যন্ত মার্তিনেসের গোল দুটি, আর সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করে নিজের খাতা খুলেছেন আলভারেজ।
ম্যাচের আগে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে মেসির প্রশংসা করলেও নিজেদের শক্তির দিকটিও তুলে ধরেন পিকফোর্ড।
তিনি বলেন, ‘মেসি এই খেলাটির সর্বকালের সেরাদের একজন। তবে আমাদের স্কোয়াডের মান, আক্রমণ ও রক্ষণভাগের প্রতিভা এবং দলের ঐক্যকে উপেক্ষা করার সুযোগ নেই। তিন বিভাগেই আমাদের মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বুধবার আমাদের সেরাটা একসঙ্গে মেলে ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা শুধু মেসিনির্ভর দল নয়, বরং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তারা একটি শক্তিশালী ইউনিট। তবে ইংল্যান্ডও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছে। আমরা শুধু মেসিকে নিয়েই কথা বলতে পারি না। আর্জেন্টিনা খুব ভালো দল এবং তারা বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু আমাদেরও সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য আছে এবং আমাদের রক্ষণ ভাঙা সহজ নয়।’
১৯৬৬ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলবে আর্জেন্টিনা। পিকফোর্ডের মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সই হবে সবচেয়ে বড় পার্থক্য।
তিনি বলেন, ‘আমাদের দৃঢ়তা, ঐক্য ও মানসিকতা রয়েছে। এই গুণগুলোই আমাদের একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছে।’
দ্বিতীয় সেমি-ফাইনালে ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।