মেসি নন, রোনালদোই সেরা: মিসরীয় তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ২১:৩৬:১৮ |

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকান পরাশক্তি মিসর। এই রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় ফারাওদের। 

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে ‘আর্জেন্টিনাকে জেতাতে বিশ্বকাপ পাতানো হয়েছে’ বলে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মিসরের তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। তবে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে এক বড় ও চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

এবারের বিশ্বকাপে মিসরের হয়ে পাঁচ ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দারুণ পারফর্ম করেছেন জিকো। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও দলের দ্বিতীয় গোলটি এসেছিল তার পা থেকেই। তবে ম্যাচের পর ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভে ফেটে পড়েন তিনি। জিকো অভিযোগ করেন, ম্যাচের শুরু থেকেই রেফারি তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করেছেন এবং তাদের পুরো দেশের কঠোর পরিশ্রমকে নষ্ট করে দিয়েছেন। আর্জেন্টিনা কোনোভাবেই ২-০ গোলে হেরে বিদায় নিক, তা ফিফা চায়নি দাবি করে তিনি স্পষ্ট বলেন, এই টুর্নামেন্ট সম্পূর্ণ সাজানো ও পাতানো, যা খালি চোখেই বোঝা যায়। দেশের কোটি ভক্তকে আনন্দ দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে তিনি পুরো দায় রেফারির ওপর চাপিয়ে দেন।

এই মারাত্মক অভিযোগের ঝড় থামার আগেই এক সাক্ষাৎকারে লিওনেল মেসিকে নিয়ে কথা বলেন জিকো। তিনি জানান, মাঠের ভেতর সুপারস্টার লিওনেল মেসির উপস্থিতি তাকে বিন্দুমাত্র প্রভাবিত বা ভীত করতে পারেনি। এমনকি পুরো ম্যাচ চলাকালীন তিনি মাঠে মেসির অস্তিত্বই টের পাননি বলে দাবি করেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে স্বীকার করে নিলেও জিকো জানান, তার মূল অনুপ্রেরণা হলেন পর্তুগিজ আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েও তিনি বলেন, মেসি অবশ্যই ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন, তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে। কারণ তিনি রোনালদোকে মনেপ্রাণে ভালোবাসেন এবং তাকেই নিজের আদর্শ মানেন।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই একটি গোল বাতিল হয়েছিল জিকোর। সেই আক্ষেপ এবং ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয় হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ফারাওদের এই তারকার একের পর এক মন্তব্য এখন ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে তার গুরুতর প্রশ্ন, আর অন্যদিকে মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে তার প্রকাশ্য অবস্থান—সব মিলিয়ে বিশ্বকাপ মঞ্চের বাইরেও এক অন্যরকম উত্তাপ ছড়াচ্ছেন এই মিসরীয় ফরোয়ার্ড।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..