✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:০৭:১০ |ইংল্যান্ডে গিয়ে লেজেগোবরে দশা ভারতীয় ক্রিকেট দলের। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি ভারত। হেরেছে ৫ ম্যাচ, এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ জিতেছে ভারত।
এর আগে ২০২৪ সালের আসরেও এই ফরম্যাটে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দল ইতিহাসেই প্রথম ভারত। হুট করেই সেই ভারতীয় দলের এমন কী হলো? ইংল্যান্ডের কাছে টানা তিন হার মেনে নেওয়া গেলেও আয়ারল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারা ভারতের জন্য বেশ বিব্রতকরই।
বিশ্বকাপ জেতা দল থেকে কিছু পরিবর্তন অবশ্য আছে এখনের দলে। ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর অভিষেক করানো হয়েছে। যদিও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। এছাড়া আগের অধিনায়ক সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে বাদ তো দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকেও। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার দায়িত্ব নিয়ে এখনও জয়ের দেখা পাননি। সব মিলিয়ে বিশ্বকাপ জেতা ভারতীয় দল যেন এখন কিছুটা টালমাটাল।
বর্তমানে আইসিসির বোর্ড মিটিংয়ে যোগ দিতে স্কটল্যান্ডে রয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। সেখান থেকেই জানিয়েছেন, ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর দলকে নিয়ে করা হবে রিভিউ মিটিং।
সাইকিয়া বলেছেন, ‘দলের মূল সদস্যদের নিয়ে আমরা রিভিউ মিটিং করব, জানার জন্য যে, ইংল্যান্ডে কী ভুল হয়েছে আমাদের। বিসিসিআই ইংল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে, যেখানে আমরা প্রত্যাশামাফিক ভালো ফল করতে পারিনি। তবে এমন ব্যাপার অস্বাভাবিক কিছু নয় এবং আন্তর্জাতিক ক্রিকেটে এরকম হতেই পারে। আমরা এটিকে পুরোপুরি খারাপ সময় হিসেবে দেখছি।’
বিসিসিআই সচিব আরও বলেছেন, ‘রিভিউ মিটিং দলের পারফরম্যান্স এবং কীভাবে ভুলগুলো শুধরে নেওয়া যায় সেসব নিয়ে হবে। এর বাইরে অন্য কোনো আলাপ হবে না। যেহেতু ওয়ানডে সিরিজ আছে সামনে, আমরা আশা করছি আমাদের দল ঘুরে দাঁড়াবে এবং ভালো ফর্মে ফিরবে। ১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবং দল দেশে ফেরার পর আমরা রিভিউ মিটিংয়ে বসব।’
গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে ভারতের পারফরম্যান্স। দ্বিপাক্ষিক সিরিজে কিছুটা টালমাটাল হলেও টুর্নামেন্টে অবশ্য বেশ ভালোই করছে ভারত। জিতেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আগে জিতেছে ২০২৫ এশিয়া কাপের শিরোপাও।
যদিও টেস্ট ফরম্যাটে নাজুক দশা। ২০২৩-২৫ চক্রের আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করেছে ভারত, ২০২৫-২৭ চক্রেও ফাইনালের সমীকরণ হয়ে গেছে অনেক জটিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ২-০ ব্যবধানে।
গম্ভীরের অধীনে দলে পরিবর্তন হয়েছে অনেক। অধিনায়কে বদল এসেছে তিন ফরম্যাটেই। এছাড়া টেস্টের দল নির্বাচনে ঘরোয়া লম্বা দৈর্ঘ্যের টুর্নামেন্টের চেয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়া নিয়েও আছে নানা সমালোচনা। তবে দিনশেষে আইসিসির ইভেন্টে দলকে ট্রফি জিতিয়ে নিন্দুকদের মুখ বারবার বন্ধ করেছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সামনে আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। গম্ভীর এ যাত্রাতে কেমন করেন তা-ই এখন দেখার ব্যাপার।
১১ জুলাই মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।