✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১০, | ১৪:৫৮:০১ |আগামী শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মহারণকে সামনে রেখে ইউরোপের অফিসিয়াল খুচরা বিক্রেতাদের কাছে থাকা নরওয়ে জাতীয় ফুটবল দলের সব জার্সি শেষ হয়ে গেছে। নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এনএফএফ) জানিয়েছে, তারা জার্সির এই ব্যাপক চাহিদার বিষয়টি একদমই অনুমান করতে পারেনি। গত মার্চ মাসে বাজারে আসার পর থেকেই নাইকি এবং অন্যান্য আউটলেটে এই জার্সিগুলো ক্রমাগত ‘আউট অব স্টক’ হয়ে গেছে।
মূলত ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের দুর্দান্ত জয় এই চাহিদাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দোকানে নতুন জার্সি আসার সাথে সাথেই তা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা। এমনকি ওসলোর টরশভ স্পোর্টসের সামনে জার্সি কিনতে আসা মানুষের লাইন প্রায় ৬০০ মিটার পর্যন্ত লম্বা হয়েছিল। এই কনকনে ঠাণ্ডা বা দীর্ঘ অপেক্ষার তোয়াক্কা না করে অনেক ভক্তকে চেয়ার নিয়ে প্রায় ১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
দলের কমার্শিয়াল ডিরেক্টর রুনার পার আন্দ্রেসেন জানান, এবার জার্সির চাহিদা তাদের সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। গত বছর এই সময়ে যেখানে প্রায় ৫০ হাজার জার্সির অর্ডার এসেছিল, সেখানে চলতি বছর খুচরা বিক্রেতারা প্রায় আড়াই লাখ জার্সির অর্ডার দিয়েছেন। এই অভাবনীয় বিক্রির ফলে অ্যাসোসিয়েশনের ইতিহাসে সর্বোচ্চ আয় হচ্ছে। তবে বিশ্বকাপের মতো একটি রানিং টুর্নামেন্টের মাঝে হঠাৎ করে জার্সির উৎপাদন বাড়ানো বেশ চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে জার্সির এই তীব্র সংকটের সুযোগ নিয়ে চড়া মূল্যে তা বিক্রি করছে রিসেল সাইটগুলো। নাইকির অফিশিয়াল ওয়েবসাইটে যে লাল হোম জার্সির মূল দাম ছিল প্রায় ৯০ পাউন্ড বা ১০০ ডলার, সেটি এখন রিসেল সাইটগুলোতে রিটেইল প্রাইসের চেয়ে কয়েকগুণ বেশি দামে, অর্থাৎ প্রায় ৩৫৫ পাউন্ড বা ৪৭৬ ডলারে বিক্রি হচ্ছে। একইভাবে কালো রঙের অ্যাওয়ে জার্সির দামও হুট করে অনেক বেড়ে গেছে। তবে নাইকির একজন মুখপাত্র ভক্তদের এই হতাশাকে স্বীকৃতি দিয়ে জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে তারা নরওয়েতে জার্সির নতুন চালান পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন।
ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং সবশেষ শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নরওয়ে। আগামী শনিবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা, আর এই ম্যাচকে ঘিরে এখন পুরো নরওয়ে জুড়ে বইছে উম্মাদনা।
সূত্র: বিসিবি