✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৯:৫৬:৩৭ |বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল মরক্কো। দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না তারা। কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাওয়া পেশির চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে কোনো চিন্তায় নেই কোচ দিদিয়ের দেশম। দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসে, সবাই রয়েছেন ফিট। চলতি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এমবাপ্পে। তার নামের পাশে রয়েছে ৭ গোল। অন্যদিকে দেম্বেলে করেছেন ৪ গোল, যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক।
এদিকে মরক্কোর আক্রমণের মূল ভরসা ছিলেন সাইবারি। এবারের আসরে দলের হয়ে তিন গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। কিন্তু কানাডার বিপক্ষে ম্যাচের ২২তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে নামা সুফিয়ানো ব্রাহিমি শেষ মুহূর্তে গোল করেন। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন আজেদিন ওনাহি।
সাইবারির অনুপস্থিতি মরক্কোর জন্য বড় ধাক্কা হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না কোচ মোহামেদ ওয়াহ্বি। তিনি জানান, চোটের কারণে এই ম্যাচে সাইবারিকে পাওয়া না গেলেও টুর্নামেন্টের বাকি অংশে ফেরার আশা রয়েছে।
ওয়াহ্বি বলেন, ‘সাইবারি ছাড়া সবাইকে পাওয়া যাবে। ম্যাচগুলো খুব দ্রুত হচ্ছে বলেই এই ম্যাচে তাকে পাচ্ছি না। তবে আমি আশাবাদী, টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সে ছিটকে যায়নি।’
ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটি মরক্কোর জন্য প্রতিশোধেরও সুযোগ। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে থিও হার্নান্দেজ ও কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ফ্রান্স।
চার বছর আগের সেই হারের স্মৃতি ভুলে এবার নতুন ইতিহাস গড়তে চায় মরক্কো। গত বিশ্বকাপে আফ্রিকা ও আরবের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার নজির গড়েছিল তারা। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় দলটি।
চলতি বিশ্বকাপে মরক্কো এখনো অপরাজিত। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়া এবং নকআউটে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
অন্যদিকে ফ্রান্সও রয়েছে দুর্দান্ত ছন্দে। এমবাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। ৭ গোল নিয়ে তার সঙ্গে সমান অবস্থানে আছেন নরওয়ের আর্লিং হালান্ড, আর শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
তবে ফ্রান্সের জন্য সামান্য চিন্তার বিষয় হলো কয়েকজন খেলোয়াড়ের হলুদ কার্ড। তাদের মধ্যে রয়েছেন মাইকেল ওলিসে, তিনি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৫টি অ্যাসিস্ট করেছেন।