✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৯:১৭:৪১ |চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির একটি মারাত্মক ভুল নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মিসরের একটি বৈধ গোল বাতিল হওয়া নিয়ে ফুটবল অঙ্গনে যখন তুমুল বিতর্ক চলছে, ঠিক তখনই এই গুরুতর ভুলটি নিয়ে নীরবতা ভেঙে মুখ খুলেছেন কাতার বিশ্বকাপ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো। তার দাবি, এই ম্যাচে ভিএআর প্রটোকলের ভুল প্রয়োগের মাধ্যমে মিসরকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যা শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে আফ্রিকান দলটির বিদায়কে তরান্বিত করেছে।
বিতর্কের সূত্রপাত ম্যাচের শুরুর দিকে, যখন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ গোল করে দলকে ০-২ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন। তবে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়, যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত আর্জেন্টিনার দুর্দান্ত এক প্রত্যাবর্তনের (কামব্যাক) মধ্য দিয়ে শেষ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো স্পষ্ট ব্যাখ্যা করেছেন কেন গোলটি বাতিল করা নিয়মের পরিপন্থী ছিল। তিনি জানান, আর্জেন্টিনার খেলোয়াড়ের ওপর কোনো ফাউলই করা হয়নি। এমনকি রেফারিরা যদি এটিকে ফাউল ধরেও নেন, তবু তা ভিএআর-এর মাধ্যমে ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ বা আক্রমণভাগের পজিশন হিসেবে পুনর্বিবেচনা করার সুযোগ ছিল না। কারণ সেই সময় আর্জেন্টিনার ডিফেন্ডাররা সঠিক অবস্থানে ছিলেন এবং তারা বলটি পুনরুদ্ধার করার জন্য পর্যাপ্ত সময় ও জায়গা পেয়েছিলেন।
গুয়েরেরো আরও উল্লেখ করেন, গোলটি হওয়ার আগে আর্জেন্টাইন দল বলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য টানা তিনবার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়। ভিএআর প্রটোকল অনুযায়ী, অফিশিয়ালরা কেবল তখনই হস্তক্ষেপ করতে পারেন যখন একটি স্পষ্ট আক্রমণাত্মক সিকোয়েন্স বা ধারা বজায় থাকে এবং যে দল বলের নিয়ন্ত্রণ হারিয়েছে তাদের তা ফিরে পাওয়ার কোনো বাস্তবসম্মত সুযোগ থাকে না। ফলে এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ফিফার ভিএআর প্রটোকলের পরিপন্থী ছিল এবং এর মাধ্যমে রেফারি ও ভিএআর টিম একটি বড় ভুল করে মিসরকে বঞ্চিত করেছে।
এই ঘটনার পর মিসরের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাঠেই ক্ষোভ ও জনসমক্ষে আনুষ্ঠানিক অভিযোগ তোলেন।
উল্লেখ্য, এই গুরুতর ভুলটি ধরিয়ে দেওয়া রেফারি ফার্নান্দো গুয়েরেরো ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সহকারী ভিএআর দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যেখানে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কাতার বিশ্বকাপে রেকর্ড ১১টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারির এমন বিস্ফোরক মন্তব্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার রেফারিদের দক্ষতা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্ন তুলে দিল।
সূত্র: মার্কা