✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৭, | ১১:২০:৪১ |চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আটলান্টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার জন্য ফ্রাসোঁয়া লেটেক্সিয়েরকে বেছে নিয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবলের পরিচিত মুখ হলেও, আর্জেন্টিনার কোনো ম্যাচে এই প্রথমবার রেফারির দায়িত্ব পালন করবেন এই ফরাসি।
চলমান বিশ্বকাপে লেটেক্সিয়ের এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্ট বনাম ইকুয়েডর এবং সৌদি আরব বনাম কেপ ভার্দে ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছিলেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে তিনি যে কঠোর অবস্থানে থাকেন, তা তার আগের ম্যাচগুলোর পরিসংখ্যান থেকেই স্পষ্ট।
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে বিবেচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে লিগ ওয়ানে নিজের ক্যারিয়ার শুরু করেন। ফরাসি ঘরোয়া ফুটবলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ রেফারি। ফিফার ব্যাজ পাওয়ার পর দ্রুতই আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করেন তিনি। বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা এই রেফারি পরবর্তীতে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরে ম্যাচ পরিচালনা করে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে তাকে দেখা না গেলেও, বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের কাছে লেটেক্সিয়ের বেশ পরিচিত। বিশেষ করে এই রেফারির কঠোর সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে আলবিসেলেস্তেদের অন্যতম ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে। চলতি বছরের ২২ মার্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর হয়ে খেলার সময় তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন লেটেক্সিয়ের। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৩৬ বছর বয়সী এই ফরাসি রেফারিকে নিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে বাড়তি সতর্কতার গুঞ্জনও শোনা যাচ্ছে। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।