✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৭, | ১১:১৮:৫৫ |চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর মাঠের ফুটবল ছাপিয়ে এখন আলোচনায় কিলিয়ান এমবাপ্পের ঔদ্ধত্য ও চরম অসদাচরণ। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করার পর ফরাসি এই অধিনায়ক এমন কিছু উসকানিমূলক আচরণ করেছেন, যা দক্ষিণ আমেরিকান ফুটবলারদের পাশাপাশি ফুটবলবিশ্বের সংবাদমাধ্যমগুলোর তীব্র ক্ষোভের মুখে পড়েছে।
ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল সম্মান প্রদর্শনের জন্য এমবাপ্পের দিকে করমর্দনের হাত বাড়িয়ে দিলেও রিয়াল মাদ্রিদ তারকা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে উপহাসমূলক অঙ্গভঙ্গি করতে থাকেন। স্পোর্টিং স্পিরিট বা খেলোয়াড়সুলভ মানসিকতার এমন নজিরবিহীন অবমাননা দেখে এবার এমবাপ্পের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক সার্জিও গয়কোচিয়া।
সরাসরি খেলা সম্প্রচার চলাকালীন ডি-স্পোর্টসের মাইক্রোফোনে ১৯৯০ বিশ্বকাপের এই রানার্সআপ তারকা বলেন, এমবাপ্পের মতো একজন বড় মাপের তারকার কাছ থেকে এমন আচরণ সত্যিই লজ্জাজনক। ম্যাচ জেতার পর একজন প্রতিপক্ষ গোলরক্ষককে এভাবে অপমান করা এবং তার সামনে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মকভাবে হাসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষুব্ধ গয়কোচিয়া এমবাপ্পেকে এক কঠোর হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট ভাষায় বলেন, মাঠে প্রতিপক্ষকে এভাবে শারীরিক ও মানসিকভাবে উসকানি দিতে থাকলে যেকোনো মুহূর্তে বড় বিপদের সম্মুখীন হতে হবে; আর তখন যদি কেউ ক্ষোভে এসে হাঁটুতে লাথি মেরে পা ভেঙে দেয়, তবে পরে যেন আর সেই অভিযোগ করতে না আসে।
মাঠের এই উত্তেজনা কেবল কথার লড়াইয়েই সীমাবদ্ধ ছিল না। এমবাপ্পের এমন অভদ্র আচরণের প্রতিক্রিয়া হিসেবে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল ক্ষোভে ফুটবলটি সরাসরি এমবাপ্পের পিঠ লক্ষ্য করে ছুড়ে মারেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বড় ধরনের মারামারি এড়াতে দুই দলের কোচিং স্টাফ ও অফিশিয়ালদের দ্রুত মাঠে নেমে এসে খেলোয়াড়দের শান্ত করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের আগে ও পরে প্যারাগুয়ের ডিফেন্ডারদের সঙ্গে এমবাপ্পের আরও বেশ কিছু উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরও ছড়িয়ে পড়েছে।
তবে মাঠের এই তীব্র বিতর্কের পরেও মিক্সড জোনে এসে ফরাসি অধিনায়ক সুর নরম তো করেনইনি, বরং উল্টো প্যারাগুয়ের চড়া ফুটবলশৈলীকে খোঁচা দিয়ে নিজের জেদি মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেছেন। সাংবাদিকদের সামনে কিলিয়ান এমবাপ্পে বেশ অহংকারের সুরেই বলেন, প্রতিপক্ষ হয়তো ভেবেছিল ফরাসির কোট-টাই পরে মাঠে কেবল সুন্দর সুন্দর পাস দিতে নামবে; কিন্তু তাদের জানা উচিত যে ফ্রান্সও দরকারে কীভাবে নোংরা বা সস্তা ফুটবল খেলতে হয় তা খুব ভালো করেই জানে।
এমবাপ্পের এমন বিতর্কিত মন্তব্যের পর আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও প্যারাগুয়ের বৈরিতা যে নতুন এক মাত্রা পেল, তা বলাই বাহুল্য।
সূত্র: মার্কা