কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো কঠিন লড়াইয়ের পর এবার শেষ ষোলোর ম্যাচকে সামনে রেখে একাদশে পরিবর্তনের চিন্তায় আছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মিসরের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে শুরুর একাদশে অন্তত তিনটি পরিবর্তন দেখা যেতে পারে বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর ধারণা।
অতিরিক্ত সময়ে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নিশ্চিত করার পর রোববারও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বিশ্বচ্যাম্পিয়নরা। মায়ামিতে অনুশীলন শেষে দলটি উড়াল দেবে আটলান্টার উদ্দেশে, যেখানে অনুষ্ঠিত হবে মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ।
শুক্রবারের ১২০ মিনিটের ক্লান্তিকর ম্যাচে যারা বেশি সময় খেলেছেন, তাদের জন্য আগের দিন পুনরুদ্ধারমূলক অনুশীলন ও জিম সেশন রাখা হয়েছিল। এবার স্কালোনির মূল লক্ষ্য খেলোয়াড়দের শারীরিকভাবে প্রস্তুত করার পাশাপাশি কেপ ভার্দের বিপক্ষে ধরা পড়া দুর্বলতাগুলো শুধরে নেওয়া।
বন্ধ দরজার অনুশীলনে মিসর ম্যাচের পরিকল্পনা চূড়ান্ত করার কাজ শুরু করবেন আর্জেন্টিনা কোচ। কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষের কথাও তিনি ম্যাচ শেষে প্রকাশ করেছিলেন।
সবচেয়ে বড় প্রশ্ন বাম প্রান্তের রক্ষণে। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ায় নিকোলাস তালিয়াফিকো আবারও প্রথম একাদশে ফিরতে পারেন। তার জায়গায় এত দিন খেলছিলেন ফাকুন্দো মেদিনা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষদিকে মেদিনা পেশিতে টান অনুভব করায় অভিজ্ঞ তালিয়াফিকোর ফেরার সম্ভাবনা বেড়েছে।
আক্রমণভাগেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। গোড়ালির চোট কাটিয়ে বিশ্বকাপে আসায় শুরুতে হুলিয়ান আলভারেজের চেয়ে এগিয়ে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ফলে মিসরের বিপক্ষে কে লিওনেল মেসির সঙ্গী হবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি স্কালোনি।
মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছেন লিয়ান্দ্রো পারেদেস। ফলে শুরুর একাদশে জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তার। বিকল্প হিসেবে আছেন নিকোলাস গনজালেসও। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন থিয়াগো আলমাদা।
যদি পারেদেস খেলেন, তাহলে তিনি স্বাভাবিক অবস্থানে মাঝমাঠের নিচে খেলবেন। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টে ভিন্ন ভূমিকায় খেলা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। আর যদি গনজালেস সুযোগ পান, তাহলে দলের ছক অপরিবর্তিত থাকলেও আক্রমণে আরও গতিময়তা ও সরাসরি খেলার বিকল্প পাবে আর্জেন্টিনা।
স্কালোনির কোচিং দর্শন বিবেচনায় শেষ মুহূর্তে চমক থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২২ বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে একাদশ ও কৌশলে একাধিক পরিবর্তন এনে সফল হয়েছিলেন তিনি।
বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ধরে রাখতে এবার মিসরের বাধা টপকাতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস (অথবা নিকোলাস গনজালেস); লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ (অথবা লাউতারো মার্টিনেজ)।
এ জাতীয় আরো খবর..