✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৩:২৪:৪০ |ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ফিফার নেওয়া এই নজিরবিহীন সিদ্ধান্ত ফুটবলের নৈতিকতা ও স্বচ্ছতার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
গত বৃহস্পতিবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। ওই ম্যাচের ৬৪ মিনিটে সরাসরি কার্ড দেখেন তিনি। প্রতিযোগিতার বাইলজের ১০.৫ অনুচ্ছেদ অনুযায়ী, লাল কার্ড পাওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল বালোগুনের। যদিও শেষ ষোলো ম্যাচের দুই দিন বাকি থাকতেই বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
এর আগে গতকাল বার্তা সংস্থা এএফপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, বালোগুনকে দেওয়া লাল কার্ড পর্যালোচনার অনুরোধ জানাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ফোন কলের পর, ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে।
বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে গার্সিয়া ব্যঙ্গ করে বলেন, ‘আমি জানতাম না, ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে! অর্থাৎ আজ বুঝি এপ্রিল ফুল দিবস।’
এর আগে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) এক বিবৃতিতে জানায়, ফিফার এই সিদ্ধান্তে তারা বিস্মিত এবং সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ খতিয়ে দেখছে।ফুটবল খেলা
গার্সিয়া বলেন, ‘আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনের পক্ষ নিচ্ছি না। আমরা ফুটবল, এর নৈতিকতা এবং সততা রক্ষার জন্য কথা বলছি।’
চলতি বিশ্বকাপে ৩ গোল করে বালোগুন মার্কিন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। তাঁকে ফিরে পাওয়া কোচ মাউরিসিও পচেত্তিনোর দলের জন্য এখন বড় স্বস্তির খবর।
ফিফার এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’
তবে বিতর্কিত এই সিদ্ধান্ত দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন গার্সিয়া ও গোলকিপার থিবো কোর্তোয়া। কোর্তোয়া বলেন, ‘আমাদের জন্য কিছুই বদলায়নি। যে-ই খেলুক, আমরা মাঠে জিততেই নামব।’
একপর্যায়ে এই বিতর্ক নিয়ে একের পর এক প্রশ্ন আসায় বিরক্ত হন কোচ গার্সিয়া। সাংবাদিকদের থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘দয়া করে এই বিষয় নিয়ে কথা বলে আপনাদের সময় নষ্ট করবেন না। আমরা এখন কেবল মাঠের খেলা নিয়েই কথা বলতে চাই।’
২০১৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারানো এবং ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা বেলজিয়ামের সোনালি প্রজন্মের যে কয়েকজন এখনো দলে টিকে আছেন, কোর্তোয়া তাদের একজন। তবে সেই দলের বেশিরভাগ খেলোয়াড় অবসর নেওয়ায় এবার তরুণদের ওপরই ভরসা করছে বেলজিয়াম।
কোর্তোয়া বলেন, ‘এটি আমাদের জন্য নতুন এক যুগ। অনেকে এখনো সোনালি প্রজন্মের কথা বলেন। কিন্তু সত্যি বলতে, ২০২২ বিশ্বকাপ আমাদের জন্য ভালো যায়নি। আমরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলাম। এখন আমাদের নতুন একটি প্রজন্ম এসেছে। তারা তরুণ, ক্ষুধার্ত এবং বেলজিয়ামের ফুটবল ইতিহাসে নিজেদের নাম লেখাতে চায়।’
সিয়াটলে কোয়ার্টার- ফাইনাল নিশ্চিতের মিশনে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের ম্যাচটি শুরু হবে কাল সকাল ৬টায়।