✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ২১:৩৮:১৮ |বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড ও মেক্সিকোর হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বড় ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সমর্থকদের ম্যাচ উপভোগের সুযোগ বাড়াতে ইংল্যান্ড ও ওয়েলসের পাবগুলোকে ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে ইংল্যান্ড সময় রাত ১টায় মুখোমুখি হবে মেক্সিকোর। সময়ের পার্থক্যের কারণে যুক্তরাজ্যের দর্শকদের জন্য ম্যাচটি মধ্যরাতের পর অনুষ্ঠিত হওয়ায় এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের আনন্দ উদযাপন নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন,‘ফুটবল হয়তো ঘরে ফিরছে, কিন্তু আমরা নিশ্চিত করছি সমর্থকদের বাড়ি ফিরতে তাড়াহুড়ো করতে হবে না। শেষ বাঁশি পর্যন্ত পাব খোলা থাকা সমর্থকদের জন্য যেমন আনন্দের, তেমনি স্থানীয় ব্যবসার জন্যও ইতিবাচক। গোটা দেশ ইংল্যান্ড দলের পাশে রয়েছে।’
এর আগে টুর্নামেন্ট চলাকালে ইংল্যান্ডের ম্যাচগুলোর জন্য রাত ২টা পর্যন্ত পাব খোলা রাখার অনুমতি ছিল। তবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের সময়সূচি বিবেচনায় এবার সেই সময়সীমা বাড়ানো হলো।
শেষ ৩২-এর ম্যাচে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় থমাস টুখেলের দল। এবার তাদের সামনে কঠিন পরীক্ষা মেক্সিকো। ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা নরওয়ে।
সময় পার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত এই বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাজ্যের দর্শকদের জন্য গভীর রাতে সম্প্রচারিত হচ্ছে। তবে সরকারী এই সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়েছে।
সমর্থক ও পাব ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে রাতভর ফুটবল উন্মাদনা উপভোগের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।