✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৮:১২:৩৬ |বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে নরওয়ের তারকা স্ট্রাইকার এর্লিং হালান্ড এবং ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েলের মধ্যকার ব্যক্তিগত লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দীর্ঘদিন ধরে চলে আসা এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবার বিশ্বকাপের মঞ্চে নতুন মাত্রা পেতে যাচ্ছে।
ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের জার্সিতে খেলতে গিয়ে হালান্ড ও গ্যাব্রিয়েলের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই দলের ২-২ ড্র হওয়া ম্যাচে জন স্টোনসের শেষ মুহূর্তের গোলে সমতা ফেরার পর হালান্ড বলটি গ্যাব্রিয়েলের মাথায় ছুড়ে মারেন। সেই ঘটনার পর থেকেই দুই ফুটবলারের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে।
এরপর বিভিন্ন ম্যাচে একে অপরকে উসকানি দেওয়া, উদযাপনের মাধ্যমে পাল্টা জবাব এবং মাঠে সংঘর্ষের ঘটনা এই দ্বৈরথকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গত বছর আর্সেনালের ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর গ্যাব্রিয়েল হালান্ডের সামনে চিৎকার করে উদযাপন করেন। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির জয়ে হালান্ড ক্যামেরার সামনে বিশেষ ভঙ্গিতে উদযাপন করে তাকে খোঁচা দেন। মৌসুম শেষে আর্সেনাল শিরোপা জেতার পর গ্যাব্রিয়েলও সামাজিক যোগাযোগমাধ্যমে একইভাবে জবাব দেন।
বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, এটি চলতি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত দ্বৈরথ। তাদের মধ্যে যে তিক্ততা রয়েছে, তা ম্যাচের ফলেও বড় প্রভাব ফেলতে পারে।
সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারারও মনে করেন, দুই খেলোয়াড়ের মধ্যে আবারও উত্তেজনাপূর্ণ লড়াই দেখা যাবে।
পরিসংখ্যান বলছে, ক্লাব পর্যায়ে হালান্ড ও গ্যাব্রিয়েলের মুখোমুখি হওয়া ১১ ম্যাচে ছয়টি গোল করেছেন হালান্ড। সেই ম্যাচগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি জিতেছে পাঁচটি, আর্সেনাল দুটি এবং চারটি ম্যাচ ড্র হয়েছে।
চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। তিনি ইতোমধ্যে পাঁচটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খুব বেশি দৃষ্টিনন্দন ফুটবল না খেললেও কার্যকর পারফরম্যান্সের মাধ্যমে শেষ ষোলোতে পৌঁছেছে। দলটির রক্ষণভাগের অন্যতম ভরসা গ্যাব্রিয়েল।
সাটনের মতে, এই ম্যাচে হালান্ড ও গ্যাব্রিয়েলের লড়াই যে দল জিতবে, সেই দলই কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। তিনি ব্রাজিলকে সামান্য এগিয়ে রাখলেও নরওয়ের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
উল্লেখ্য, এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে চারটি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে। ফলে বিশ্বকাপের এই নকআউট লড়াইয়ে ইতিহাস বদলাতে চায় ব্রাজিল। আর নরওয়ে চাইবে সেই রেকর্ড অক্ষুণ্ণ রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে।