বিশ্বকাপে শক্তির নতুন হিসাব, সবার ওপরে ফ্রান্স, পিছিয়ে আর্জেন্টিনা: ব্রাজিল কোথায়?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৪:১০:১০ |

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই শেষে দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নতুন পাওয়ার র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ক্রীড়া বিশ্লেষকদের ভোটে তৈরি এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রান্স। অন্যদিকে জয় পেয়েও এক ধাপ পিছিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবনমন হয়েছে ব্রাজিলেরও। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

গার্ডিয়ানের ছয়জন বিশেষজ্ঞের সম্মিলিত মূল্যায়নে নকআউটে ওঠা ৩২টি দলের এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে। শেষ ষোলোর ম্যাচ শুরুর আগে দলগুলোর বর্তমান শক্তিমত্তার একটি চিত্র তুলে ধরেছে এই তালিকা।

সুইডেনকে বড় ব্যবধানে হারিয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে এক নম্বর অবস্থান ধরে রেখেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল তারাই।

অস্ট্রিয়াকে হারিয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। আর কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে গিয়ে জয় পাওয়ায় এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। বিশেষজ্ঞদের মতে, মায়ামির তীব্র গরমে ১২০ মিনিট খেলার ধকল দলটির পরবর্তী ম্যাচে প্রভাব ফেলতে পারে।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ইকুয়েডরকে হারানো সহ আয়োজক মেক্সিকো উঠে এসেছে চার নম্বরে। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে বিদায় করে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে মরক্কো। অন্যদিকে জাপানকে হারালেও প্রথমার্ধের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল।

কঙ্গোকে হারিয়ে নকআউটে এগিয়ে যাওয়া ইংল্যান্ড নিজেদের অষ্টম স্থান ধরে রেখেছে।

র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অবনমন হয়েছে জার্মানির। গ্রুপ পর্ব পার হলেও শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয় তারা। ফলে ১৩ ধাপ পিছিয়ে ২৪তম স্থানে নেমে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এছাড়া মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া নেদারল্যান্ডস ১৬ ধাপ পিছিয়ে ২০তম স্থানে নেমে এসেছে।

শেষ ষোলোর লড়াই শুরুর আগে প্রকাশিত এই পাওয়ার র‍্যাংকিং স্পষ্ট করে দিচ্ছে, বিশ্বকাপে শিরোপার দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে ফ্রান্স। তবে নকআউট পর্বে প্রতিটি ম্যাচই বড় দলগুলোর জন্য কঠিন পরীক্ষার হতে যাচ্ছে।

সোর্স: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..