‘মাঠে আমাকে ইচ্ছেমতো লাথি মেরেছে, এখন ছবি তুলতে চায়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১০:৪০:০৯ |

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশ কেপ ভার্দে। মাঠের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছিল তারা। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ ব্যবধানের কষ্টার্জিত জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে। 

শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি শেষ হওয়ার পর মিক্সড জোনে এক মজার কাণ্ড ঘটে, যা এখন ফুটবল দুনিয়ায় বেশ আলোচনায়।

ম্যাচ শেষ হতেই কেপ ভার্দের ফুটবলাররা মাঠের বৈরিতা ভুলে মেতে ওঠেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তোলা এবং তার জার্সি নেওয়ার আবদারে। মেসিও বেশ হাসিমুখে তাদের সেই আবদার পূরণ করেন। তবে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ রসিকতার ছলে মেসি বলেন, ওরা আমার জার্সি থেকে শুরু করে সবকিছুই চেয়েছে। অথচ মাঠের ভেতর আমাকে ইচ্ছেমতো লাথি মেরেছে। পুরো ম্যাচজুড়ে কেপ ভার্দের ডিফেন্ডাররা মেসিকে কড়া পাহারায় রেখেছিলেন এবং অন্তত পাঁচবার তাকে ফাউল করা হয়।

ম্যাচের ২৯ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে নিয়েছিলেন মেসি নিজেই। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার অনন্য এক রেকর্ড গড়েন তিনি। 

তবে জয়ের পরেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি এই আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তিনি জানান, গোল পাওয়ার পর তারা ভেবেছিলেন ম্যাচটি সহজ হয়ে যাবে এবং তারা নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পাবেন। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটেছে। আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কেপ ভার্দে তাদের শক্তির জায়গাগুলো ব্যবহার করে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

মেসি আরও উল্লেখ করেন, স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে না হারা কেপ ভার্দে যে কঠিন প্রতিরোধ গড়বে, তা তাদের জানাই ছিল। নকআউট পর্বের এই টুর্নামেন্টে কেউ কাউকে সহজে ছেড়ে দেবে না। তাই কেবল পরের রাউন্ডে পা রাখাই শেষ কথা নয়, কোয়ার্টার ফাইনালের আগে দলকে নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। মাঠের ভুলত্রুটিগুলো দ্রুত সংশোধন করে সামনের কঠিন ম্যাচগুলোর জন্য ফুটবলারদের বিশ্রামের পাশাপাশি মানসিক প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..