জার্মানির কোচ হওয়ার আগ্রহের কথা জানালেন ক্লপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ১৪:১৭:৫৭ |

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। এরপর চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী কোচ কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে। বেশ কিছু গণমাধ্যমে লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছেন।

এমন পরিস্থিতিতে জার্মান দলের কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়র্গেন। তিনি জানিয়েছেন, লিভারপুল ছাড়ার সময় যে শক্তির অভাব বোধ করছিলেন, তা তিনি এখন ফিরে পেয়েছেন। বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে জার্মানির হারের চার দিন পর নাগেলসম্যান পদত্যাগ করেন। এরপরই জার্মান ফুটবল ফেডারেশন ক্লপকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে বিবেচনা করছে।

নিউইয়র্ক থেকে জার্মান সম্প্রচারমাধ্যম ‘ম্যাজেন্টা টিভি’-তে বিশ্বকাপের ধারাভাষ্যকার হিসেবে কথা বলার সময় ক্লপ বলেন, জুলিয়ান সরে দাঁড়িয়েছেন এবং ফেডারেশন এখন পরবর্তী কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে কাজ করছে। সেই আলোচনার অংশ হিসেবেই তারা আমার সাথে যোগাযোগ করেছে।

দলের ভবিষ্যৎ নিয়ে ফেডারেশনের দেওয়া এক বিবৃতিতে একমাত্র কোচ হিসেবে ক্লপের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার ব্যাপারে ক্লপ তার ‘আগ্রহের কথা জানিয়েছেন’। ক্লপ জানিয়েছেন, আলোচনাটি সময়সাপেক্ষ হবে, কারণ রেড বুলের ক্লাব নেটওয়ার্কে ‘হেড অফ গ্লোবাল সকার’ হিসেবে তার বর্তমান চুক্তির বিষয়টি এর সঙ্গে জড়িত।

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর থেকে ক্লপ আর কোনো দলের কোচিং করাননি। ওই সময় তিনি বলেছিলেন, ক্লাবটির সঙ্গে আট বছর কাটানোর পর তার ‘শক্তি ফুরিয়ে আসছিল’। তিনি বলেন, প্রায় দুই বছর আগে আমি লিভারপুল ছেড়েছিলাম এবং বলেছিলাম যে অন্য কোনো কাজ করার বা লিভারপুলের সঙ্গে আরও এক বছর কাটানোর মতো শক্তি আমার আর নেই। তবে এখন আমি পুরোপুরি সতেজ ও প্রস্তুত।

জার্মানির পরবর্তী কোচকে ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং ক্লপ জানিয়েছেন, দলের ভাগ্য পরিবর্তনের মূল বিষয়গুলো নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ফেডারেশনের সঙ্গে তার ‘গভীর আলোচনার’ প্রয়োজন হবে।

এই নিয়ে টানা তৃতীয়বারের মতো পুরুষদের বিশ্বকাপে জার্মানি শেষ ষোলোর (রাউন্ড অফ ১৬) গণ্ডি পেরোতে ব্যর্থ হলো। ২০১৪ সালের ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর থেকে জার্মানি আর কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি।ক্লপ নাগেলসম্যানকে একজন ‘চমৎকার কোচ’ হিসেবে অভিহিত করেন এবং দলের গভীর সমস্যাগুলোর জন্য তাকে দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করেন ক্লপে।

লিভারপুলের সাবেক কোচ বলেন, জার্মান ফুটবল এখন স্পষ্টতই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখন আমাদের সবকিছুতে আমূল পরিবর্তন আনতে হবে। শেষ পর্যন্ত দায়িত্বটা আমি নিই বা অন্য কেউ—তাতে অবশ্য পরিবর্তনের প্রয়োজনীয়তাটুকু বিন্দুমাত্র কমে না। প্যারাগুয়ের কাছে হারের ঠিক পরপরই তিনি বলেছিলেন, জার্মানির কোচ হওয়ার বিষয়টি নিয়ে তিনি তখনো ভাবেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..