বিশ্বকাপে ব্রাজিলের কঠিন ৪ প্রতিপক্ষের নাম জানালেন কিংবদন্তি রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-৩০, | ১৭:১৪:৫৮ |
২০২৬ ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বে গড়াতেই শিরোপার দৌড়ে কারা এগিয়ে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এ প্রসঙ্গে নিজের মতামত দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তার মতে, ব্রাজিলের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি। যদিও এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি।

জাপানের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, এবারের বিশ্বকাপে কয়েকটি দল শুরু থেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তার মতে, ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেন ধারাবাহিকভাবে দুর্দান্ত ফুটবল খেলছে। অন্যদিকে, বড় টুর্নামেন্টে জার্মানিকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। তাই এই দলগুলোই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারত।

প্রতিপক্ষের শক্তির কথা বললেও ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদী রোনালদো। তার বিশ্বাস, দলের সাফল্যের বড় একটি অংশ নির্ভর করবে নেইমারের পারফরম্যান্সের ওপর। দীর্ঘ ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে না খেললেও স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।

রোনালদোর মতে, বর্তমান ব্রাজিল দলে নেইমারের মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আর কারও নেই। তিনি বলেন, নেইমার এখন পুরোপুরি ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছেন। তাই নকআউট পর্বে নিজের সেরা ফুটবল খেলেই সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন দুইবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। ২০০২ বিশ্বকাপের আগে গুরুতর ইনজুরি কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানোর স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, বড় চোটের পর সর্বোচ্চ পর্যায়ে ফিরে আসা কতটা কঠিন, তা তিনি ভালোভাবেই জানেন। সে কারণেই নেইমারের প্রত্যাবর্তন তাকে বিশেষভাবে উচ্ছ্বসিত করেছে। তার ভাষায়, নেইমারের আর কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তবে নিজের সেরাটা খেলতে পারলে তিনি আবারও বিশ্বকে নিজের সামর্থ্য দেখাতে পারবেন।

এদিকে এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন এবং আক্রমণভাগে দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রোনালদোর বিশ্বাস, ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্মের সঙ্গে নেইমারের অভিজ্ঞতা ও সৃজনশীলতা যোগ হলে ব্রাজিলের আক্রমণভাগ আরও ভয়ংকর হয়ে উঠবে।

নকআউট পর্বে প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে নেইমারের প্রত্যাবর্তন সেই লক্ষ্য পূরণের পথে দলের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক বলেই মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..