রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, জার্মানিতে রেকর্ড তাপমাত্রা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৪৪:৫২ |
স্মরণকালের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। প্রচণ্ড গরমে জনজীবন স্থবির হয়ে পড়েছে, ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট, শপিং মল ও শহরের কেন্দ্রগুলো। জার্মানিসহ মধ্য ইউরোপের কয়েকটি দেশে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়া হয়েছে।

জার্মান আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশটির স্যাক্সনি-আনহাল্ট অঙ্গরাজ্যের ড্রেভিৎস এলাকায় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষ ঘরের বাইরে বের হননি।

জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানিয়েছে, মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপের চলমান তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে। গবেষকদের মতে, ৫০ বছর আগেও এ ধরনের চরম আবহাওয়া ছিল বিরল। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ।

বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, এই তাপপ্রবাহ স্বাস্থ্য, কৃষি ও শ্রম খাতে বড় ধরনের প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে। চলতি বছরের তাপপ্রবাহে ইউরোপজুড়ে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্পেনে জুন মাসেই তাপপ্রবাহ-সংশ্লিষ্ট শতাধিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং তীব্র গরমে অনেক মানুষ পানিতে নেমে প্রাণ হারিয়েছেন। তাপপ্রবাহের কারণে ব্রাসেলস থেকে প্যারিসগামী একটি ইউরোস্টার ট্রেন বিকল হয়ে প্রায় ৪০০ যাত্রী দুর্ভোগে পড়েন। অতিরিক্ত গরমে তিনজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

চরম আবহাওয়ার কারণে প্যারিসের দুটি বড় অনুষ্ঠান, নেদারল্যান্ডসের জনপ্রিয় সংগীত উৎসব ‘ডেফকন’ এবং জার্মানির হামবুর্গ হাফ ম্যারাথনসহ বেশ কয়েকটি আয়োজন বাতিল করা হয়েছে। বার্লিনে জনসাধারণকে সাময়িক স্বস্তি দিতে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আজও ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..