যেভাবে নকআউটে যেতে পারে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৪:১৭:৩২ |
শেষ মুহূর্তে বল জালে জড়িয়েছিল, উৎসবে মেতেছিল পুরো ইরান শিবির। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেই উল্লাস স্থায়ী হতে দেয়নি। অফসাইডের কারণে বাতিল হয় শোজায়ে খলিলজাদেহর গোল। ফলে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে তিন পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হয়েছে ইরানকে।

এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে মিসর। আর ইরানকে এখন অপেক্ষা করতে হচ্ছে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের দিকে।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইরান। পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিসর।

এরপর পেনাল্টি পেয়েও সমতা ফেরাতে পারেননি মেহেদি তারেমি। তার শট ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবর। তবে ফিরতি বলে ১৪তম মিনিটে রামিন রেজাইয়ান গোল করে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় ইরান। তারেমির একটি হেড ক্রসবারে লাগে, পরে সাঈদ এজাতোলাহির শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠিয়ে ইরানকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।

যেভাবে নকআউটে যেতে পারে ইরান
তিন পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর তালিকায় টিকে থাকতে ইরানের জন্য তিনটি ফল নিজেদের পক্ষে যেতে হবে।
আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচ ড্র হতে হবে।
উজবেকিস্তানকে ডিআর কঙ্গোর কাছে হারতে হবে।
ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়াকে অন্তত এক পয়েন্ট (ড্র বা জয়) পেতে হবে।

এই তিনটি সমীকরণ মিললে ইরান শেষ ৩২-এ জায়গা করে নিতে পারবে। তবে এর যেকোনো একটি ফল বিপক্ষে গেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের।

ভিএআরের এক সিদ্ধান্তে জয় হারানো ইরানের ভাগ্য এখন আর তাদের নিজেদের হাতে নেই; নকআউটে ওঠার আশা টিকিয়ে রাখতে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..