ব্রাজিল বনাম স্কটল্যান্ড, বদলাবে কি পুরনো ইতিহাস?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ২০:৫৫:২১ |

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নকআউট পর্বে ওঠার লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে হাইতির বিদায় নিশ্চিত হলেও ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের সামনে এখনও শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার ভোর ৪টায় মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য সেলেসাওদের পক্ষেই কথা বলছে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ড। এর মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনও ব্রাজিলের বিপক্ষে জয়ের দেখা পায়নি।

বিশ্বকাপের মঞ্চেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। চারবারের সাক্ষাতে তিনবার জয় পেয়েছে ব্রাজিল, একটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৪ সালের বিশ্বকাপে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হলেও ১৯৮২, ১৯৯০ ও ১৯৯৮ বিশ্বকাপে জয় তুলে নেয় ব্রাজিল।

আরও একটি মজার পরিসংখ্যান ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। স্কটল্যান্ড যখনই বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছে, তখন ব্রাজিল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। যদিও এটি নিছকই একটি কাকতালীয় পরিসংখ্যান, তবুও ম্যাচের আগে আলোচনায় রয়েছে বিষয়টি।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ব্রাজিল এগিয়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন নেইমার ও কিংবদন্তি জিকো। দুজনেই করেছেন দুটি করে গোল।

সব মিলিয়ে ১০ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল করেছে ১৬ গোল, বিপরীতে স্কটিশদের গোল সংখ্যা মাত্র ৩। সর্বশেষ ২০১১ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচেও ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..