আর্জেন্টিনার রোজারিও শহরের ধুলোবালি ওড়া রাস্তায় যে ছোট ছেলেটি পায়ে বল আঠার মতো লাগিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানাত, সেদিনের সেই শারীরিক গঠনে দুর্বল বালকটিই যে একদিন বিশ্ব ফুটবলের পুরো ব্যাকরণ বদলে দেবে— তা হয়তো ফুটবল বিধাতা নিজেই লিখে রেখেছিলেন। আজ ২৪ জুন, ফুটবল ইতিহাসের সেই অবিসংবাদিত জাদুকর লিওনেল মেসির ৩৯তম জন্মদিন। যিনি গত দুই দশক ধরে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন এক জীবন্ত মহাকাব্য।
মেসির এই অতিমানবীয় গল্পের শুরুটা কিন্তু মোটেও সহজ বা রাজকীয় ছিল না। শৈশবে শরীরে বাসা বাঁধা গ্রোথ হরমোনের ঘাটতি যখন তাঁর আকাশছোঁয়া স্বপ্নকে প্রায় পিষে ফেলতে চেয়েছিল, ঠিক তখনই বার্সেলোনার একটি সাধারণ ন্যাপকিন পেপার হয়ে উঠেছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান দলিল। সেই ন্যাপকিন পেপারেই চুক্তির মাধ্যমে ক্যাম্প ন্যু-তে আগমন ঘটেছিল এই খুদে জাদুকরের। লম্বা চুলের, ১৯ নম্বর জার্সি পরা সেই তরুণ যখন রোনালদিনহোর পাস থেকে আলতো চিপে ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল এক নতুন যুগের।
পরবর্তীতে পেপ গার্দিওলার অধীনে 'ফলস নাইন' পজিশনে খেলে ফুটবলকে এক নতুন ভাষা দিয়েছিলেন মেসি। একের পর এক ব্যালন ডি’অর আর ট্রফিতে যখন তাঁর শোকেস ভরে উঠছিল, তখন মনে হচ্ছিল ফুটবল বুঝি এই গ্রহের এক মহাতারকার পায়ের কাছে এসে থমকে দাঁড়িয়েছে।
তবে এই অতিমানবীয় সাফল্যের মুদ্রার ওপিঠেই লুকিয়ে ছিল এক গভীর নীল বেদনা। বার্সেলোনার নীল-বেগুনী জার্সিতে যিনি ছিলেন অপ্রতিরোধ্য, দেশের আকাশী-নীল জার্সিতে তিনিই যেন বারবার পরিণত হচ্ছিলেন এক ট্রাজিক হিরোতে। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে মারাকানায় সেই সোনার ট্রফিটার পাশ দিয়ে মেসির শূন্য চোখে হেঁটে যাওয়ার দৃশ্য কিংবা ব্যাক-টু-ব্যাক কোপা আমেরিকার ফাইনালে হেরে গিয়ে ২০১৬ সালে ডাগআউটে বসে তাঁর শিশুর মতো কান্না—স্তব্ধ করে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। নিজ দেশের মানুষের সমালোচনা সইতে না পেরে অভিমানে অবসরের ঘোষণাও দিয়ে ফেলেছিলেন। কিন্তু মহাকাব্যের নায়ক তো এভাবে বিদায় নিতে পারেন না; ট্র্যাজেডি না থাকলে যে পুনরুত্থানের গল্পটা এত মধুর হতো না!
