চলমান বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগালের জাতীয় টিম। হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচে রবার্তো মার্তিনেজের দলকে পরিষ্কার ফেবারিট হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার।
অপটার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটিতে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৮৩.১ শতাংশ। বিপরীতে উজবেকিস্তান টিমের জয়ের সম্ভাবনা মাত্র ৬ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১১ শতাংশ।
প্রথম ম্যাচে হতাশ করেছে পর্তুগাল
বিশ্বকাপ শুরুর আগে অনেকেই পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। তবে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা হতাশ করেছে ইউরোপীয় দলটি। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেও সেটিই ছিল পুরো ম্যাচে তাদের একমাত্র অন-টার্গেট শট।
ম্যাচের পর আলোচনার কেন্দ্রে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। এর ফলে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০টি বড় টুর্নামেন্ট ম্যাচে গোলহীন থাকলেন ৪১ বছর বয়সী এই তারকা।
ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপে পর্তুগালের ৩৬তম ম্যাচ। এই ম্যাচে তারা বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ বল দখল (৭৫.৪ শতাংশ), সর্বোচ্চ পাস (৭৮৩) এবং সর্বোচ্চ পাস সফলতার হার (৯২.৫ শতাংশ) রেকর্ড করে। তবে একই সঙ্গে মাত্র সাতটি শট নিয়ে তারা নিজেদের যৌথভাবে সর্বনিম্ন শট নেয়ার রেকর্ডও স্পর্শ করে। ১৯৬৬ সালের পর প্রথম দল হিসেবে ৭০ শতাংশের বেশি বল দখলে রেখেও প্রতিপক্ষের চেয়ে কম শট নেয়ার নজির গড়ে পর্তুগাল।
মিডফিল্ডার ভিতিনিয়া ম্যাচে ১২১টি সফল পাস দেন, যা এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচদিনে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। একই সঙ্গে এটি বিশ্বকাপ ইতিহাসে কোনো পর্তুগিজ খেলোয়াড়ের এক ম্যাচে সর্বোচ্চ পাসের নতুন রেকর্ড।
অন্যদিকে, নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুতেই ৩-১ গোলে কলম্বিয়ার কাছে হেরে গেছে উজবেকিস্তান। এই পরাজয়ে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা বড় ধাক্কা খেয়েছে ফাবিও কানাভারোর দলের। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও কানাডার কাছে ২-০ এবং নেদারল্যান্ডসের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। ফলে টানা তিন ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে মধ্য এশিয়ার দেশটি।
প্রথমবারের মতো মুখোমুখি
বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। তবে এশিয়ান দলের বিপক্ষে পর্তুগালের সাম্প্রতিক বিশ্বকাপ রেকর্ড খুব একটা ভালো নয়। ২০১৮ সালে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র এবং ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
অন্যদিকে, উজবেকিস্তান ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে শেষ ২৩ ম্যাচে মাত্র একবার জিতেছে। বাকি ম্যাচগুলোর মধ্যে ১০টি ড্র এবং ১২টিতে পরাজিত হয়েছে। ২০২২ সালে কাজাখস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ই ছিল তাদের একমাত্র সাফল্য।
এ জাতীয় আরো খবর..